ভোলা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাস চাপায় এক কলেজছাত্রের মৃত্যুর জের ধরে মঙ্গলবার ভোলার চরফ্যাশনে বিক্ষোভ ও ভাংচুর করেছে শিক্ষার্থীরা।
তারা চরফ্যাশন থেকে বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে।
সোমবার দুপুর ৩টার দিকে লালমোহন উপজেলার ডাওরিতে চরফ্যাশনগামী একটি যাত্রীবাহী বাসের চাপায় মটরসাইকেল আরোহী রাকিব নিহত হয়। তিনি চরফ্যাশন ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
পুলিশ জানায়, রাকিবের মৃত্যুর জেরে মঙ্গলবার সকাল ৯টার দিকে কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা চরফ্যাশন বাসস্ট্যান্ডে গিয়ে বাস ভাংচুর করে।
ভোলা বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক মো. সেলিম জানান, বিক্ষুব্ধ ছাত্ররা ২৫-৩০ টি বাস ভাংচুর করেছে। এ ঘটনায় আহত হয়েছে ৮ জন।
এরা হলেন- বাস চালক মো. ইউসুফ (৩২), সোহেল (২৮), বাসচালকের সহকারী জয়নাল (২৫), জুলফিকার (২৬), মাইনুল (৩২), মিজান (২৮), হারুন (২৯) ও যাত্রী পলাশ (২৮)।
চরফ্যাশন থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস ছালাম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চরফ্যাশন কলেজের অধ্যক্ষ কায়ছার আহম্মদ দুলাল জানান, রাকিবের মৃত্যুর ঘটনায় মঙ্গলবার সকালে চরফ্যাশনের কয়েকটি কলেজের ছাত্ররা একটি শোক র্যালি বের করে। এরপর ছাত্ররা বাস চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়।
বিষয়টি সুরাহার চেষ্টা চলছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এএসবি/১৮০১ ঘ.
bdnews24