রাজবাড়ী, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর পাংশা উপজেলার কথিত বন্দুক যুদ্ধে তিনজন মারা গেছে।
র্যাব ও পুলিশের ভাষ্য, চরমপন্থী দল বিপ্লবী কমিউনিস্ট পার্টি ও স্থানীয় অমল বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধে একজন এবং র্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে মারা গেছে দুজন।
সোমবার দিবাগত রাত ও মঙ্গলবার ভোররাতে উপজেলার কসবা মাজাইল ইউনিয়নে লক্ষ্মীপুর ও ভাতশালা গ্রামের ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন- বিপ্লবী কমিউনিস্ট পার্টির সদস্য এবং আজিজ গ্র"প বলে পরিচিত বাহিনীর প্রধান উপজেলার কুঠি মালিয়াট গ্রামের আব্দুল আজিজ (৩৫), তার সহযোগী দীঘলহাট গ্রামের দীপঙ্কর ওরফে দিপু (৩০) ও অমল বাহিনীর পরিতোষ গ্র"পের প্রধান হাট নবগ্রামের পরিতোষ কুমার (৩০)।
পাংশা থানার ওসি মুন্সী মোফাজ্জেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ভাতশালা সড়কের পাশ থেকে আজিজ ও দীপুর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
এছাড়া লক্ষ্মীপুর এলাকার গড়াই নদী থেকে সকাল সাড়ে ৮টার দিকে পরিতোষের লাশ উদ্ধার করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার ভোররাতে চরমপন্থী দুটি গ্র"পের মধ্যে গোলাগুলির খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান।
র্যাবের উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা র্যাবকে লক্ষ্য করে গুলি করে। সে সময় র্যাবও পাল্টা গুলি করে। এক পর্যায়ে অস্ত্রধারীরা পালিয়ে যায়। এরপর র্যাব এলাকাটি ঘিরে ফেলে। সেখানে আজিজ ও দিপঙ্করের লাশ পড়ে থাকতে দেখা যায়।
ঘটনাস্থল থেকে র্যাব একটি ওয়ান স্যুটার গান, দুটি এলজি, ওয়ান স্যুটার গান ও এলজির দুই রাউন্ড গুলি, তিন রাউন্ড গুলির খোসা, একটি রাম দা ও একটি কিরিজ উদ্ধার করে।
অন্যদিকে সোমবার দিবাগত রাতে লক্ষ্মীপুর এলাকায় দুটি চরমপন্থী গ্র"পের মধ্যে গোলাগুলির ঘটনায় মারা যান পরিতোষ।
ওসি মুন্সী মোফাজ্জেল হোসেন জনান, পুলিশ লাশগুলো রাজবাড়ি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে পাংশা থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭৪৮ ঘ.
bdnews24