২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রফিকুল, মোয়াজ্জেমের রিটের শুনানিতে বিব্রত হাইকোর্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির ঘটনা তদন্তের জন্য পুলিশের নোটিশের বৈধতা নিয়ে রিট আবেদনের শুনানি গ্রহণে বিব্রত বোধ করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2010, 11:30 AM

Updated : 25 Aug 2022, 05:25 PM

ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির ঘটনা তদন্তের জন্য পুলিশের নোটিশের বৈধতা নিয়ে রিট আবেদনের শুনানি গ্রহণে বিব্রত বোধ করেছে হাইকোর্ট। সোমবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও সহসভাপতি শাহ মোয়াজ্জেম হোসেন রিট আবেদনটি দায়ের করেন। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি সৈয়দা আফসার জাহান রিট আবেদনটির ওপর পরবর্তী আদেশের জন্য প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন। গত ২৯ জুলাই পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বিশ্বাসের দেওয়া নোটিশে বিএনপির ওই দুই নেতাকে ৩ আগস্ট পল্টন মডেল থানায় হাজির হতে বলা হয়। নোটিশে বলা হয় গত ২৫ জুলাই পল্টনের মুক্তাঙ্গনে বিএনপির এক বিক্ষোভ সমাবেশে রফিকুল ইসলাম মিয়া ও শাহ মোয়াজ্জেম হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি দিয়ে বক্তব্য রাখেন। ওই সমাবেশে রফিকুল ইসলাম মিয়া শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, "আপনার পরিণতি হবে আপনার বাবার মতো।" নোটিশের বৈধতা নিয়ে রিটের উপর শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন ও সম্পাদক ব্যারিস্টার মো. বদরুদ্দোজা। সরকার পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/কেএমএস/১৬২৮ ঘ.