ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানবতা বিরোধী অপরাধের অভিযোগে চার জামায়াত নেতাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করানোয় আইনের প্রতি শ্রদ্ধা বেড়ে গেছে বলে উল্লেখ করেছেন আইনজীবী প্যানেলের প্রধান গোলাম আরিফ টিপু।
সোমবার দুপুরে সাংবাদিকদের কাছে এক ব্রিফিংয়ে তিনি এই অভিমত ব্যক্ত করেন।
গোলাম আরিফ টিপু বলেন, "যে চারজন ব্যক্তির বিরুদ্ধে আমরা আবেদন রেখেছিলাম, আদালত তা মঞ্জুর করে এবং সে অনুযায়ী তাদের আদালতে হাজির করা হয়েছে। স্বাভাবিকভাবে আইনের প্রতি শ্রদ্ধা বেড়ে গেছে।"
তিনি জানান, আদালতের পরবর্তি তারিখ এখনো জানানো হয় নি।
গোলাম আরিফ টিপু বলেন, "তারা চেষ্টা করেছিলো, জামিনের আবেদন জানাতে। আদালত বলেছেন, ওয়েল এ হেড। আগাম জামিনের আবেদন করতে হবে। সেই আবেদনটা বিধি অনুযায়ী আসতে হবে। তা হলে আদালত তা বিবেচনা করতে পারে।"
একাত্তরে মানবতার বিরুদ্ধে অপরাধের মামলায় মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সহকারি সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লাকে পুরানো হাইকোর্ট ভবনে স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোমবার সকালে হাজির করা হয়।
গত ২৬ জুলাই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধ মামলায় আটক এই চার নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদের আদালতে হাজির করার আদেশ দেন।
মানবতা বিরোধী অপরাধের বিচার উপলক্ষে আদালত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। জামায়াতের চার নেতাকে পুলিশ ভ্যানে করে আলাদাভাবে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়।
১৯৭৩ সালের ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট এর ৩/২ ধারায় অপরাধ তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।
মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লাকে স
bdnews24