২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় আ.লীগ-যুবলীগ সংঘর্ষ, আহত ২০

মাগুরার শ্রীপুর উপজেলার চৌগাছি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোমবার আওয়ামী লীগ ও যুবলীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2010, 08:36 AM

Updated : 25 Aug 2022, 05:26 PM

মাগুরা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরার শ্রীপুর উপজেলার চৌগাছি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোমবার আওয়ামী লীগ ও যুবলীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে হাসান (২৫) ও সাজ্জাদ বিশ্বাসকে (৪০) মাগুরা সদর হাসপাতালে এবং কমলা বেগম (৫৫), মালা (৩৫) ও কালামকে (৪৫) দারিয়াপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকার বাসিন্দা নাসির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১১টার দিকে স্থানীয় ইউনিয়ন যুবলীগ সভাপতি বাদশা মিয়ার বাড়ির ছাগল দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিহাব উদ্দিনের পাট ক্ষেতে যায়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শিহাব ও তার সমর্থকরা বাদশার মা কমলা বেগম ও ভাই হাসানকে মারধর করে। এর জের ধরে দুপক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা স্থায়ী এ সংঘর্ষে দু'পক্ষের হামলা-পাল্টা হামলায় ২০ জন আহত হয়। শ্রীপুর থানার ওসি আব্দুস ছালেক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, "পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। থানায় কোনো মামলা হয়নি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৪৩১ ঘ.