ফরিদপুর, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরিদপুরের সদরপুর উপজেলায় ট্যাক্সিক্যাব চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে দড়িকৃষ্ণপুর গ্রাম থেকে শেখ মিরাজ (২৪) নামের এই চালকের লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় বিক্ষুব্ধ ট্যাক্সিক্যাব ও মাইক্রোবাস চালক-শ্রমিকরা বিকালে শহরের গোয়ালচামট এলাকায় সড়কের ওপর টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।
পরে পুলিশও র্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক করা হয় দুজনকে।
ফরিদপুর কোতয়ালি থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, শহরের গৃহলক্ষ্মীপুর এলাকার শেখ ফজলুর ছেলে শেখ মিরাজের ট্যাক্সিক্যাবটি (চট্ট-মেট্রো-গ-১১-১৩১) বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং যাওয়ার উদ্দেশ্যে ভাড়া করেন শহরের কমলাপুর এলাকার অ্যাডভোকেট জাহিদুল হকের ছেলে পার্থ (২৪)।
এরপর থেকে মিরাজ নিখোঁজ ছিলেন।
ওসি জানান, রোববার দুপুরে মাদারীপুরের কাওড়াকান্দি ফেরিঘাট থেকে ট্যাক্সিক্যাবটিসহ পার্থকে গ্রেপ্তার করা হয়।
তার স্বীকারোক্তি অনুযায়ী সদরপুর উপজেলার দড়িকৃষ্ণপুর গ্রামের একটি মাঠ থেকে মিরাজের লাশ উদ্ধার করা হয়।
ময়না তদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ কর্মকর্তা জানান, গলায় রশি পেচিয়ে শ্বাসরোধ করে মিরাজকে হত্যার পর ফেলা দেওয়া হয়। এ ঘটনায় সদরপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মিরাজের লাশ উদ্ধার হওয়ার খরব পেয়ে প্রাইভেটকার-মাইক্রোবাস চালক ও শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা শহরের নোয়ালচামট এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে।
পুলিশ ঘটনাস্থল থেকে নাজমুল (২৪) ও চুন্নু (২২) নামের দুই শ্রমিককে আটক করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৬ ঘ.
bdnews24