২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিলিমিনারি পরীক্ষা বাতিলের দাবি

৩০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা বাতিল এবং পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেছে ওই পরীক্ষায় অংশ নেওয়া একদল প্রার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2010, 03:00 PM

Updated : 25 Aug 2022, 05:19 PM

ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-৩০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা বাতিল এবং পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেছে ওই পরীক্ষায় অংশ নেওয়া একদল প্রার্থী। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর কেন্টিনে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানায়। শুক্রবার অনুষ্ঠিত ৩০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্রের ২ নম্বর সেটের ইংরেজি অংশে নির্দেশনা ও প্রশ্নে ব্যাপক অসঙ্গতি দেখা যায়। এর ফলে পরীক্ষার্থীদের চরম বিভ্রান্তিতে পড়তে হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মফিজুল ইসলাম নামে এক পরীক্ষার্থী বলেন, "৩০তম বিসিএসের মত প্রশ্নপত্রে ব্যাপক ভুলের ঘটনা দেশের ইতিহাসে বিরল। পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এ দায় কোনভাবেই এড়াতে পারেন না। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে না নিতে পারার ব্যর্থতা স্বীকার করে তার পদত্যাগ করা উচিত।" তিনি আরো বলেন, "এ পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের ক্ষতি কোনভাবেই পূরণ করা যাবে না। কেননা দুই নম্বর সেটে ইংরেজি অংশে ব্যাপক অসঙ্গতি দেখেই অনেকে ঘাবড়ে গিয়েছিলেন। দীর্ঘ শিক্ষা জীবনে দেখা স্বপ্নকে চোখের সামনে নষ্ট হয়ে যেতে দেখে তারা বাকী প্রশ্নগুলোরও উত্তর যথাযথভাবে দিতে পারেননি।" তাই পরীক্ষা বাতিল ছাড়া কোন বিকল্প নেই বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। এক প্রশ্নের জবাবে অপর এক প্রার্থী মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে ২ নম্বর সেটে পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে।" এ ব্যাপারে পিএসসির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা হবে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে প্রায় ৫০ জন প্রার্থী উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএএ/২০৪৬ঘ.