২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় তিন শতাধিক কারখানায় ছুটি ঘোষণা

ঘোষিত মজুরি কাঠামো প্রত্যাখ্যান করে ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকার দাবিতে সাভারের আশুলিয়ায় আবারো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। (আরো তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2010, 03:46 AM

Updated : 25 Aug 2022, 05:22 PM

ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘোষিত মজুরি কাঠামো প্রত্যাখ্যান করে ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকার দাবিতে সাভারের আশুলিয়ায় আবারো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। পুলিশ জানিয়েছে, রোববার সকাল ৯টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে সহস্রাধিক শ্রমিক। তখন থেকে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পুলিশ শ্রমিকদের বাধা দেওয়ার পর দুপক্ষের মধ্যে সংঘাত বেধেছে। সংঘাত ছড়িয়ে পড়েছে পাশের কাঠগড়া এলাকায়। ওদিকে সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়া থানা এলাকার ছোট-বড় তিন শতাধিক তৈরি পোশাক কারখানা রোববার একদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে ভোরে জামগড়া এলাকায় অবস্থিত শেখ ফ্যাশান নামের একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই দাবিতে আশুলিয়ায় এর আগে শনিবার বেলা ১১টার দিকে বৃষ্টি উপেক্ষা করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবস্থান নেয় কয়েক হাজার শ্রমিক। এক পর্যায়ে শ্রমিক-পুলিশ সংঘাতে আশুলিয়ার জামগড়া এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশের ব্যাপক তৎপরতার মুখে বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা দুপুর ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে সরে যায়। তারপর সড়কে যান চলাচল শুরু হয়। শনিবার বিজিএমইএ সভাপতি সালাম মুশের্দীর মালিকানাধীন এনভয় গ্র"পের একটি কারখানায় ঢুকে ব্যাপক ভাংচুর চালায় বিক্ষুব্ধ শ্রমিকরা। শনিবার পুলিশ-শ্রমিক সংঘর্ষে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ সুপার, সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার ও আশুলিয়া থানার ওসিসহ দেড় শতাধিক লোক আহত হয়। গ্রেপ্তার করা হয় কমপক্ষে ১২ শ্রমিককে। ঘটনার এক পর্যায়ে দুপুর ২টার দিকে আশুলিয়ার জামগড়া, নিশ্চিন্তপুর, পলাশবাড়ি, বেরন ও নরসিংহপুর এলাকার শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করে নোটিশ টানিয়ে দেওয়া হয়। একই দাবিতে শুক্রবার ঢাকার মহাখালী, বনানী ও গুলশান এলাকায় এবং নারায়ণগঞ্জ এবং গাজীপুরে বিক্ষোভ করে পোশাক শ্রমিকরা। নারায়ণগঞ্জে শনিবারও বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। অব্যাহত আন্দোলনের প্রেক্ষাপটে গত সোমবার পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি তিন হাজার টাকা নির্ধারণ করে নিুতম মজুরি বোর্ড। এরপর বৃহস্পতিবার বিকালে এক সংবাদ সম্মেলনে শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামো ঘোষণা করেন। এতে শ্রমিকদের তিন হাজার টাকা ন্যূনতম মজুরি ধরা হয়েছে। শিক্ষনবিশ শ্রমিকরা পাবেন আড়াই হাজার টাকা। মজুরি কাঠামো ঘোষণা করে শ্রমমন্ত্রী জানান, আইনি প্রক্রিয়া শেষে আগামী ১ নভেম্বর থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হবে। সংবাদ সম্মেলনে এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ সভাপতিরা উপস্থিত ছিলেন। তারা ১ নভেম্বর থেকে নতুন এ মজুরি কাঠামো বাস্তবায়নের প্রতিশ্র"তি দেন। শ্রমিক প্রতিনিধিরাও ঘোষিত এ মজুরি কাঠামো মেনে নেওয়ার ঘোষণা দেন। তবে ঘোষণার পর নতুন মজুরি কাঠামো প্রত্যাখ্যান করে কয়েকটি শ্রমিক সংগঠন এই কাঠামো পুনর্বিবেচনার দাবি জানায়। পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণার পর যে কোনো বিশৃঙ্খলা এড়াতে নতুন কাঠামো ঘোষণার আগে বৃহস্পতিবার দুপুরে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের সাংসদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/০৯৪৫ ঘ.