২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইএসডি কলের মাসুল কমাচ্ছে বিটিআরসি

বিদেশে ফোন কলের মাসুল কমানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2010, 02:45 PM

Updated : 25 Aug 2022, 05:15 PM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশে ফোন কলের মাসুল কমানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে জানানো হয় রোববার থেকে ইন্টারন্যাশনাল সাবস্ক্রাইবারস ডায়ালিং (আইএসডি) কলচার্জ কমানো হবে। যাবতীয় ফোন কলকে একটি প্লাটফর্মের আওতায় নিয়ে আসার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিটিআরসি এ খরচ কমালো। এজন্য আন্তর্জাতিক কলের জন্য এখন থেকে প্রথমে ০১২ এর পরিবর্তে ০০ ডায়াল করতে হবে। বিটিআরসির একজন কর্মকর্তা শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ০১২ ডায়াল করে ফোন কলের খরচ কম হলেও এর সেবা মান ভাল নয়। নাম প্রকাশে অনিচ্ছুক বিটিআরসি'র অপর এক কর্মকর্তা বলেন, "বিটিআরসি গ্রাহকদের আইএসডি কলের ক্ষেত্রে বেশি খরচ করতে হয়। তাই ০১২ পদ্ধতিটি আর চালু রাখা হচ্ছে না।" বিটিআরসি'র ওয়েবসাইটে ল্যান্ডফোন ও মোবাইল ফোন থেকে ভারতে ফোন কলের খরচ পুনর্নির্ধারণ করে দেওয়া হয়েছে। যা পূর্বের ১৫-১৮ টাকার পরিবর্তে ১২ টাকা করা হয়েছে। এছাড়া কানাডা, যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফ্রান্স, ইতালি, জার্মানি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, চীন ও হংকংয়ে প্রতি মিনিটে কলচার্জ ছয় টাকা নির্ধারণ করা হয়েছে। ল্যান্ড ফোন থেকে প্রতি মিনিট কলচার্জ আট টাকা নির্ধারণ করা হয়েছে- অস্ট্রেলিয়া, বাহামা, পুয়ের্তো রিকো, কোস্টা রিকা, অস্ট্রিয়া, বেলজিয়াম, সাইপ্রাস, গ্রিস, তুরস্ক, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্পেন, সুইজারল্যান্ড, তাইওয়ান ও দক্ষিণ কোরিয়ায়। মধ্যপ্রাচ্যের দেশ- সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ইরান, ইরাক, মিশর, লেবানন, কাতার এবং সিরিয়াতে প্রতি মিনিট ফোন কলের খরচ পড়বে ১২-১৮ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/ডিবি/জেবি/জিএনএ/২০৪১ ঘ.