ঠাকুরগাঁও, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এই দৃশ্য প্রায় নতুন। গ্রামের পথে চলতে চলতে থমকে দাঁড়াচ্ছে পথিক। কৃষকের মুখেও হাসি। ফলন উঠছে পারিজার।
বোরো আর আমনের মাঝামাঝি সময়ে স্বল্পমেয়াদে চাষযোগ্য নতুন জাতের ধান পারিজা।
কৃষি কর্মকর্তারা বলছেন, হেক্টর প্রতি এ ধানের ফলন তিন থেকে সাড়ে তিন টন।
ঠাকুরগাঁওসহ রংপুরের আটটি জেলার অধিকাংশ জমিতেই আমনের চারা বোনা প্রায় শেষ। এরই মাঝে কোনো কোনো জমিতে শুরু হয়েছে পারিজা ধান কাটা।
উত্তরবঙ্গের এই জেলাগুলোয় বোরো ফসল তুলে পরীক্ষামূলকভাকে আবাদ করা হয়েছে এই ধানের। সামান্য উঁচু জমিতে ৭৫ দিনেই যার ফলন পাওয়া গেছে।
পারিজা ঘরে তুলেই বোনা হবে আমন। তাই আমনের বীজতলা আগে থেকেই তৈরি রেখেছে কৃষক।
খাদ্যশস্যের উৎপাদন বাড়াতে রংপুর দিনাজপুর রুরাল সার্ভিসেস'র (আরডিআরএস) উদ্যোগে উত্তরাঞ্চলের আটটি জেলার ৪০টি ব্লকে ৫০০ একর জমিতে পারিজার চাষ করা হয়েছে।
আরডিআরএস'র প্রধান কৃষি কর্মকর্তা ড. এম জি নিয়োগী জানান, ওইসব জেলায় পারিজা আবাদযোগ্য ছয় লাখ হেক্টর জমি রয়েছে। যেখান থেকে হেক্টর প্রতি ৩ টন হিসাবে ১৮ লাখ টন অতিরিক্ত ধান পাওয়া সম্ভব।
পারিজার সফল আবাদ দেখে বীজের চাহিদা অনেক বেড়ে গেছে জানিয়ে তিনি বলেন, "এসব জমি থেকে প্রায় ২০ টন বীজ পাওয়া যাবে। এরপরও এখন কৃষকদের বীজের চাহিদা পূরণ করা হচ্ছে না।"
তিনি জানান, কৃষকরাও নিজেদের জন্য বীজ সংরক্ষণ করবে। আগামী মৌসুমে পারিজার চাষ হবে ২০০টি ব্লকে।
এপ্রিলের শেষ বা মে মাসের প্রথমে বোরো কাটার সঙ্গে সঙ্গে ১৫-২০ দিন বয়সী পারিজার চারা লাগাতে হয়। জুলাইয়ের শেষ সপ্তাহ বা আগস্টের প্রথম সপ্তাহে এ ধান ঘরে তোলা যায়।
এর পরপরই ওই জমিতে স্বল্প মেয়াদী আমন- বিনা-৭, বিইউ-১, ব্রিধান-৪৬ জাতের ২৫-৩০ দিন বয়সী চারা লাগালে ডিসেম্বর মাসের মধ্যেই ধান কাটা যাবে। ফলন পাওয়া যাবে হেক্টর প্রতি প্রায় সাড়ে ৪ টন করে।
কৃষিবিদরা জানান, শুধু পারিজাই নয়, স্বল্প মেয়াদী দেশি জাতের আরো কয়েকটি ধান রয়েছে যা বোরো এবং আমনের মধ্যবর্তী সময়ে চাষ করা যায়।
তারা জানান, শস্য আবাদে এ ধরনের বিন্যাস করে একই জমিতে বছরে তিন বার ধান চাষ করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ন করা এবং কৃষকের কর্মদিবসও বাড়ানো সম্ভব।
আরডিআরএস'র এক কৃষি গবেষণায় জানানো হয়, বৃহত্তর দিনাজপুর-রংপুর অঞ্চলের ছয় লাখ হেক্টর জমিতে শস্য আবাদে এ ধরনের বিন্যাস করা হলে নতুন চার কোটি কর্মদিবস সৃষ্টি হবে।
এ সব অঞ্চলে মে মাসে ৩৫০ মিলিমিটার, জুন মাসে ৫০০ মিলিমিটার এবং জুলাই মাসে ৫০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়। এ সময় মাঠে কোনো ফসল থাকে না। চাষাবাদে এ ধরনের বিন্যাস করা হলে ওই তিন মাসের বৃষ্টিও কাজে লাগানো যাবে।
আরডিআরএস কর্মকর্তারা বলছেন, বোরো ও আমন চাষের চেয়ে পারিজা চাষে খরচও কম। বর্তমানে বোরো ও আমন চাষে একর প্রতি খরচ হয় ১৫-২০ হাজার টাকা। পারিজা চাষে খরচ পড়বে প্রায় ১২ হাজার টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এসএএ/১৯০১ঘ.
bdnews24