২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসিসিতে জাতীয় পরিচয়পত্র রোববার থেকে বিতরণ

ঢাকা মহানগরীতে হালনাগাদ ভোটারের দেড় লক্ষাধিক জাতীয় পরিচয়পত্র বিতরণ দ্বিতীয় দফায় রোববার থেকে শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2010, 10:59 AM

Updated : 25 Aug 2022, 05:17 PM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগরীতে হালনাগাদ ভোটারের দেড় লক্ষাধিক জাতীয় পরিচয়পত্র বিতরণ দ্বিতীয় দফায় রোববার থেকে শুরু হচ্ছে। এবার ওয়ার্ড কমিশনারের কার্যালয় থেকে ৩০ আগস্টের মধ্যে সংশ্লিষ্টরা পরিচয়পত্র সংগ্রহ করতে পারবে। শনিবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের উপ সচিব মিহির সারওয়ার মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি জানান, ১ আগস্ট থেকে বিতরণ শুরু হয়ে উত্তরা থানার একটি ওয়ার্ডে ৪ আগস্ট পর্যন্ত, পল্লবী থানাধীন চারটি ওয়ার্ডে ২৯ আগস্ট পর্যন্ত, মিরপুরের ৯টি ওয়ার্ডে ৩০ আগস্ট, লালবাগের ১০ ওয়ার্ডে ২৮ আগস্ট, মোহাম্মদপুরের ৭ ওয়ার্ডে ২৪ আগস্ট, ধানমন্ডির ৫ ওয়ার্ডে ১৮ আগস্ট, সবুজবাগের ৭ ওয়ার্ডে ২১ আগস্ট, মতিঝিলের ৮ ওয়ার্ডে ২২ আগস্ট, কোতোয়ালীর ৬ ওয়ার্ড, ডেমরার ৬ ওয়ার্ড ও সুত্রাপুরের ১০ ওয়ার্ডে ২৩ আগস্ট, ক্যান্টনমেন্ট বোর্ড ও আওতাধীন বোর্ডে ২৬ আগস্ট, গুলশানের ৫ ওয়ার্ডে ২৯ আগস্ট, তেজগাঁওয়ের ৪ ওয়ার্ডে ২২ আগস্ট এবং রমনার ৫ ওয়ার্ডে ১৭ আগস্ট পর্যন্ত জাতীয় পরিচয়পত্র বিতরণ চলবে। ঢাকা সিটি করপোরেশনে হালনাগাদ ভোটার তালিকায় নতুন করে ২ লাখ ৩২ হাজার ৬২৪ জন ভোটার অন্তর্ভুক্ত হয়। গত ৯ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত তাদের পরিচয়পত্র প্রথম দফায় পাঁচটি স্থানে বিতরণ করে ইসি। দশ দিনে ৭৩ হাজার ৩৪৮টি বিতরণ করা হয়। ওই সময় মাত্র পাঁচটি স্থান থেকে পরিচয়ত্র পত্র বিতরণ করার কারণে বিশৃঙ্খলা দেখা দেওয়ায় ৯০টি ওয়ার্ডে রোববার থেকে তা বিতরণের সিদ্ধান্ত নেয় ইসি। মিহির সারওয়ার মোর্শেদ জানান, ইসির সিদ্ধান্ত অনুযায়ী বাকি এক লাখ ৫৯ হাজার ২৭৬ টি জাতীয় পরিচয়পত্র দ্বিতীয় পর্যায়ে বিতরণ রোবববার থেকে ৩০ আগস্ট পর্যন্ত চলবে। সংশ্লিষ্ট থানা নির্বাচন কমিশন কর্মকর্তারা এ কাজ তদারকি করবেন বলে জানান তিনি। ইসি জানায়, প্রাপ্তি স্বীকারপত্রের রশিদ নিয়ে সংশ্লিষ্ট কেন্দ্রে যোগাযোগ করলে পরিচয়পত্র দেওয়া হবে। রশিদটি হারিয়ে গেলে থানায় সাধারণ ডায়েরি করে প্রয়োজনীয় কাগজ নিয়ে কেন্দ্রে যোগাযোগ করতে হবে। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথম দফায় ৮ কোটি ১০ লাখের বেশি ভোটার ছবিসহ তালিকাভুক্ত হয়। পরে ভোটার তালিকা হালনাগাদে তালিকাভুক্ত হয় আরো প্রায় ৪০ লাখ । পর্যায়ক্রমে দেশজুড়ে তাদের পরিচয়পত্রও বিতরণ চলছে বলে জানান মিহির সারওয়ার মোর্শেদ । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/১৬৫৭ ঘ.