২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'জীবন দিয়ে ধর্মভিত্তিক রাজনীতির অধিকার রক্ষা করব'

সরকার সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করে 'ইসলামী রাজনীতি বন্ধের ষড়যন্ত্র' করছে বলে অভিযোগ করেছে ইসলামী আন্দোলন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2010, 04:00 PM

Updated : 25 Aug 2022, 05:11 PM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করে 'ইসলামী রাজনীতি বন্ধের ষড়যন্ত্র' করছে বলে অভিযোগ করেছে ইসলামী আন্দোলন। সংগঠনটি দেশে ধর্মের ভিত্তিতে রাজনীতির অধিকার জীবন দিয়ে হলেও রক্ষা করবে বলে সরকারকে হুঁশিয়ার করে দিয়েছে। শুক্রবার বিকালে রাজধানীর মুক্তাঙ্গনে এক সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ'র আমির চরমোনাইর পীর সৈয়দ মো. রেজাউল করীম এ হুঁশিংয়রি উচ্চারণ করেন। 'দেশ, ইসলাম ও মানবতা রক্ষার দাবিতে' এ সমাবেশের আয়োজন করা হয়। সৈয়দ মো. রেজাউল করীম সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, "সংবিধানের মূলনীতিতে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পরিবর্তন করে তার পরিবর্তে ধর্ম নিরপেক্ষতা সংযোজন করলে দেশবাসী এ ষড়যন্ত্র মেনে নেবে না। "সরকার ইসলাম বিদ্বেষী নাস্তিকদের প্ররোচনায় দেশে ইসলামী (ধর্মভিত্তিক) রাজনীতি বন্ধের যে পাঁয়তারা করছে মুসলমানরা বেঁচে থাকতে তা সফল হতে দেবে না।" চরমোনাইর পীর আরো বলেন, দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা হলো তাদের সাংবিধানিক অধিকার। আর ইসলাম শুধু ধর্মের নাম নয়, পরিপূর্ণ জীবনবিধান। কোনো মহল মুসলমানদের এ অধিকার কেড়ে নেওয়ার অধিকার রাখে না। একই দাবিতে আগামী ৬ আগস্ট দেশের সব জেলা শহরে বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি। সমাবেশে আরো বক্তব্য দেন সংগঠনের মহাসচিব ইউনুস আহমাদ, সভাপতিমণ্ডলীর সদস্য নূরুল হুদা ফয়েজী, প্রেসিডিয়াম সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, যুগ্ম-মহাসচিব মাহবুবুর রহমান, সহকারী মহাসচিব আবদুল হক আজাদ, ঢাকা মহানগর সভাপতি এটিএম হেমায়েত উদ্দিন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/ডিডি/এইচএ/২১৪৭ ঘ.