মাদারীপুর, জুলাাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমিজমা নিয়ে বিরোধের জেরে মাদারীপুরের শিবচরে এক মুক্তিযোদ্ধার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষরা।
শুক্রবার দুপুরে শিবচর পৌরসভার বরহামগঞ্জ কলেজ রোডে এ হামলা হয়।
হামলায় আহত মুক্তিযোদ্ধা রাজন খান ও তার ছেলে মাসুদ খানকে (২২) শিবচর উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
রাজন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জমিজমা নিয়ে গত দু'বছর ধরে তার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতা মোসলেম বেপারির দ্বন্দ্ব চলছিল। এর জেরে দুপুরে মোসলেম বেপারি ও তার ছেলে নবীনুর বেপারি ৭/৮ জন লোক নিয়ে রাজন খানের বাড়িতে ভাংচুর চালায়। তারা রাজন খান ও তার ছেলেকে মারধরও করে।
পরে তারা শিবচর পৌর কাঁচাবাজারে রাজন খানের বড় ছেলে মোশাররফ হোসেনের আড়তেও ভাংচুর চালায়।
রাজন খানের বাড়ি ও আড়ৎ থেকে প্রায় সাত লাখ টাকা লুট হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ ব্যাপারে মোসলেম বেপারির সঙ্গে যোগাযোগ করে পাওয়া যায়নি।
শিবচর থানার ওসি মো. আবদুল জলিল বলেন, "এ ঘটনা নিয়ে রাজন খান একটি অভিযোগ দিয়েছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০৫ ঘ.
bdnews24