২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ষড়যন্ত্রের ফাঁদে না পড়তে শ্রমিকদের প্রতি আহ্বান

কোনো প্রকার ষড়যন্ত্রের ফাঁদে না পড়ে নিজ দায়িত্ব পালন করে যাওয়ার জন্য পোশাক শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহীদুল হক। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2010, 08:12 AM

Updated : 25 Aug 2022, 05:14 PM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোনো প্রকার ষড়যন্ত্রের ফাঁদে না পড়ে নিজ দায়িত্ব পালন করে যাওয়ার জন্য পোশাক শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহীদুল হক। একইসঙ্গে তিনি পোশাক শ্রমিক নেতাদের প্রতি দয়িত্বশীল ও দেশপ্রেমিক হিসেবে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। রাজধানীর মহাখালী, বনানী ও গুলশান এলাকায় শুক্রবার পোশাক শ্রমিকদের বিক্ষোভ, অবরোধ, ভাংচুর ও অগ্নিসংযোগের বিষয়ে ঢাকা মহানগর পুলিশ সদরদপ্তরে তাৎক্ষণিক এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান। পুলিশ কমিশনার বলেন, "রাজধানীর মগবাজার, মহাখালী, গুলশান ও তেজগাঁও এলাকায় শুক্রবার ভাংচুর ও আইন-শৃঙ্খলার অবনতি ঘটেছে। যারা এটা ঘটিয়েছে তাদের ও তাদের ইন্ধনদাতাদের বিরুদ্ধে মামলা দায়ের করে ব্যবস্থা নেওয়া হবে।" তিনি আরো বলেন, "এক শ্রেণীর শ্রমিক নেতা চাইছেন বাংলাদেশে পোশাক শিল্প বন্ধ হয়ে যাক এবং এ ব্যবসা অন্য দেশের হাতে চলে যাক। তাই তারা এ খাতে বিশৃঙ্খলা সৃষ্টি করে চলেছে।" একেএম শহীদুল হক বলেন, "গোয়েন্দা সংস্থার কাছে এসব ইন্ধনদাতা শ্রমিক নেতাদের নামের তালিকা রয়েছে। তাদেরকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না।" পোশাক শ্রমিকদের এই ভাংচুর, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধ স্যাবোটাজ কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "এটা স্যাবোটাজ হতে পারে।" ভাংচুর-অবরোধ ঠেকাতে পুলিশ আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেয়নি কেন- জানতে চাইলে পুলিশ কমিশনার বলেন, "রাজধানীর বেশিরভাগ পোশাক কারখানা মিরপুর এলাকায়। যে কারণে পুলিশ ওই এলাকায় সতর্কাবস্থায় ছিলো।" মহাখালী ও গুলশান এলাকায় শ্রমিকদের তাণ্ডব সত্ত্বেও অ্যাকশনে যাওয়ায় ক্ষেত্রে পুলিশের বিলম্ব করার প্রসঙ্গে তিনি বলেন, "এই এলাকায় বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তিনটি কেন্দ্র থাকায় পুলিশ পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এজে/কেএমএস/১৪৪০ ঘ.