২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে চাকরি পাচ্ছে ১৯,৩৯৪ জন

ন্যাশনাল সার্ভিসের আওতায় গোপালগঞ্জে ১৯ হাজার ৩৯৪ জন বেকার চাকরি পাচ্ছে। এর মধ্যে প্রথম পর্যায়ে চাকরি পাবে ৫ হাজার জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2010, 03:45 PM

Updated : 25 Aug 2022, 05:07 PM

গোপালগঞ্জ, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ন্যাশনাল সার্ভিসের আওতায় গোপালগঞ্জে ১৯ হাজার ৩৯৪ জন বেকার চাকরি পাচ্ছে। এর মধ্যে প্রথম পর্যায়ে চাকরি পাবে ৫ হাজার জন। পর্যায়ক্রমে তিনমাসের প্রশিক্ষণ শেষে দুই বছর মেয়াদে সরকারের পুলিশ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবার পরিকল্পনা, যুব উন্নয়ন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা এবং সমাজ সেবা অধিদপ্তরে কাজের সুযোগ পাবে তারা। আগামী শনিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের শেখ কামাল ষ্টেডিয়ামে ন্যাশনাল সার্ভিস প্রকল্পে চাকরির জন্য মনোনীতদের হাতে নিয়োগপত্র তুলে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করবেন। গোপালগঞ্জের জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এই প্রকল্প বাস্তবায়ন করছে। জেলা যুব উন্নয়ন অধিদপ্তর জানায়, ইতোমধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ৪ হাজার ৮৪৫ জন, কাশিয়ানীতে ৪ হাজার ৬৫২ জন, মুকসুদপুরে ৩ হাজার ৭৮৮ জন, টুঙ্গিপাড়ায় ১ হাজার ৮৫৪ জন ও কোটালীপাড়ায় ৪ হাজার ২৫৫ জনকে চাকরির জন্য মনোনীত করা হয়েছে। দপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. কোহিনূর মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রধানমন্ত্রী এ কার্যক্রমের উদ্বোধন করার পর ১ আগস্ট থেকে পাঁচ উপজেলার ২৫টি কেন্দ্রে নিয়োগপ্রাপ্তদের প্রশিক্ষণ শুরু হবে। জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন বলেন, এ কার্যক্রমের প্রাথমিক সব কাজ শেষ হয়েছে। এর আগে কুড়িগ্রাম ও বরগুনায় ন্যাশনাল সার্ভিস প্রকল্পের কাজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী গোপালগঞ্জ আসছেন শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শনিবার গোপালগঞ্জ আসছেন। সকাল ১০টায় টুঙ্গিপাড়া পৌঁছে তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. খায়রুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এই সফরসূচি জানানো হয়েছে। গোপালগঞ্জ সফরে প্রধানমন্ত্রী ১০০ মেগাওয়াট ক্ষমতার পিকিং পাওয়ার প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন, ন্যাশনাল সার্ভিস কার্যক্রম উদ্বোধন, জনসভাসহ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন। জেলা প্রশাসন জানায়, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ-র‌্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা নিরাপত্তা ব্যবস্থা তদারকি করছে। এছাড়া স্পর্শকাতর স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থাপন করা হয়েছে তল্লাশি চৌকি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৯ ঘ.