২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

নরসিংদী, বাগেরহাট, পঞ্চগড় ও গাজীপুরে বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2010, 02:12 PM

Updated : 25 Aug 2022, 05:08 PM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী, বাগেরহাট, পঞ্চগড় ও গাজীপুরে বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ১০ জন। এর মধ্যে নরসিংদী সদর উপজেলার শিলমান্দীর মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কে পিকভ্যান ও বাসের সংঘর্ষে দুজন মারা গেছে। আহত হয়েছে ১০ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: নরসিংদী: নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- পিকআপচালক বাচ্চু মিয়া (৩৫)। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় আহতদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাধবদী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিবপুর উপজেলার ইটাখোলা থেকে একটি পিকআপভ্যান ঢাকা যাওয়ার পথে শিলমান্দির মোড়ে বিপরীত দিক থেকে আসা কসবাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানায় মামলা হয়েছে বলে জানান তিনি। বাগেরহাট: বাগেরহাটের কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে বাসের ধাক্কায় কাজী মো. জালাল উদ্দিন (৭৫) নামে এক পথচারী মারা গেছেন। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে। জালাল বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়েনের গোবরদিয়া গ্রামের বাসিন্দা। বাগেরহাট সদর থানার ওসি শাহীদুল ইসলাম শাহীন জানান, দুপুর ১টার দিকে একটি বাস খুলনার যাওয়ার উদ্দেশ্যে ঘোরানোর সময় জালালকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাসটিকে আটক করা হয়েছে বলে তিনি জানান। পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট এলাকায় বাস চাপায় মারা গেছে সাবিনা ইয়াছমিন (২০) নামের একজন। তিনি কামাত কাজল দিঘী ইউনিয়নের তেলীপাড়া গ্রামের মোজাম্মেল হকের স্ত্রী। পুলিশ জানায়, বাস চাপায় আহত সাবিনাকে পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। বাসটিকে আটক করা হলেও চালক পলাতক রয়েছে। সদর থানার ওসি মো. জমিরউদ্দিন দুর্ঘটনায় মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। গাজীপুর: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার ভোগড়া এলাকায় পিকআপভ্যান চাপায় স্থানীয় একটি জুতা কারখানার এক শ্রমিক মারা গেছেন। নিহত শাকিব (২২) গাজীপুর সদর উপজেলার খাতিয়া গ্রামের আব্দুল মাজেদের ছেলে। তিনি ভোগড়া এলাকায় প্যাগাসাস জুতা কারখানায় অপারেটর হিসেবে কাজ করতেন। নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মোস্তাফিজুর রহমান জানান, কারখানা থেকে বাড়ি ফেরার পথে সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাস্তা পার হওয়ার সময় রড বোঝাই পিকআপভ্যানটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পিকআপভ্যানটি আটক করা হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২০০৪ ঘ.