ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকার পরিবর্তে তিন হাজার টাকা করার 'যড়যন্ত্র' পোশাক শ্রমিকরা মেনে নেবে না।
বুধবার রাজধানীর মুক্তাঙ্গনে শ্রমিকদের এক সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সভাপতি মনজুরুল আহসান খান এ কথা বলেন।
ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা করার দাবিতে ১০টি বাম রাজনৈতিক দল এ সমাবেশের আয়োজন করে। এছাড়া একই স্থানে একই দাবিতে কয়েকটি শ্রমিক সংগঠন পৃথক মিছিল-সমাবেশও করেছে।
মনজুরুল আহসান খান বলেন, "প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের কর্মচারী পর্যন্ত সবার বেতন বাড়ানো হয়েছে কয়েকগুণ। আর শ্রমিকদের বেতন বাড়াতে যত আপত্তি। শ্রমিকদের ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা করা না হলে তা শ্রমিকরা মেনে নেবে না।"
পোশাক কারখানাগুলোতে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন গঠন করার সুযোগ দেওয়ার দাবি জানান তিনি।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, শ্রমিকরা সরকারের ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত। মালিকপক্ষ বা সরকার সব সময় শ্রমিককে ঠকায়। তা আর হতে দেওয়া যাবে না।
সমাবেশে অংশ নেওয়া দশ রাজনৈতিক দল হলো-বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাসদ, বাসদ (মাহবুব), সিপিবি (এমএল), গণসংহতি আন্দোলন, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, ওয়ার্কার্স পার্টি (পুনর্গঠন), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলন ও জাতীয় গণফ্রন্ট।
মুক্তাঙ্গনের অপর সমাবেশে গার্মেন্ট শ্রমিক ঐক্য ফোরাম সভাপতি মোশরেফা মিশু বলেন, সরকার চায় না শ্রমিকরা ভালো থাকুক। তা না হলে এভাবে আন্দোলনের প্রয়োজন হতো না।
তিনি শ্রমিকদের দীর্ঘ দিনের দাবি ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা অবিলম্বে বাস্তবায়নের দাবি জানান।
গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদ সমন্বয়ক মাহবুবুর রহমান ইসমাইল বলেন, ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকার পরিবর্তে তিন হাজার টাকা করা হলে এর প্রতিবাদে আন্দোলন অব্যাহত থাকবে।
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি ইদ্রিস আলী বলেন, শ্রমিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আর চুপ করে থাকার সুযোগ নেই। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন চলছে, চলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/ডিডি/এইচএ/২২১৩ ঘ.
bdnews24