২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নানের মৃত্যুতে শূন্যতা দেখছেন খালেদা

আবদুল মান্নান ভূঁইয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শূন্যতার সৃষ্টি হয়েছে মন্তব্য করে সদ্য প্রয়াত সহকর্মীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2010, 12:21 PM

Updated : 25 Aug 2022, 05:05 PM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আবদুল মান্নান ভূঁইয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শূন্যতার সৃষ্টি হয়েছে মন্তব্য করে সদ্য প্রয়াত সহকর্মীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদার নেতৃত্বের সমালোচনা করার পর জরুরি অবস্থার সময় বিএনপির দীর্ঘতম মেয়াদের মহাসচিব মান্নান ভুঁইয়াকে বহিষ্কার করেন তিনি। মান্নান হাসপাতালে শয্যাশায়ী থাকার সময় সে বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয় নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে কথাও হয়। গঠনতন্ত্রের কথা তুলে গয়েশ্বর চন্দ্র রায়সহ কয়েকজন এর বিরোধিতা করলে বিষয়টি অনিষ্পন্ন থেকে যায়। ফুসফুস ক্যান্সারে আক্রান্ত মান্নান ভূঁইয়া মঙ্গলবার রাত ১২টা ২ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর। বুধবার দেওয়া শোকবানীতে খালেদা বলেন, ''তিনি ছিলেন একজন অকুতোভয় রাজনীতিক ও দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শূন্যতার সৃষ্টি হলো।'' দলের প্যাডে দপ্তর সম্পাদক রহুল কবির রিজভী স্বাক্ষরিত শোকবানীতে খালেদা শোক সন্তপ্ত পরিবারের সদস্য ও নিকটজনদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। তিনি বলেন, ''মরহুম আবদুল মান্নান ভূঁইয়া ছাত্র জীবন থেকে শুরু করে নানা চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে জাতীয় রাজনীতিতে প্রতিষ্ঠা লাভ করেছেন। গণদাবির স্বপক্ষে সব সময় সোচ্চার এবং দায়িত্ব পালনে অত্যন্ত নিষ্ঠাবান ছিলেন।'' তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হওয়ার আগে ২০০৭ সালের ৩ সেপ্টেম্ববর খালেদা মান্নান ভূঁইয়াকে দল থেকে বহিষ্কার করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/১৮১৫ ঘ.