২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিমান্ড শেষে সহযোগীসহ উলফা নেতা কারাগারে

দুই দফায় ১০ দিন পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ শেষে আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা'র নেতা রঞ্জন চৌধুরী ও তার সহযোগীকে কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2010, 12:08 PM

Updated : 25 Aug 2022, 05:05 PM

কিশোরাগঞ্জ, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই দফায় ১০ দিন পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ শেষে আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা'র নেতা রঞ্জন চৌধুরী ও তার সহযোগীকে কারাগারে পাঠানো হয়েছে। বিস্ফোরক মামলায় সাতদিন জিজ্ঞাসাবাদের পর বুধবার দুপুরে এই দুজনকে কিশোরগঞ্জের বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করা হয়। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে হাকিম শাম্মী হাসিনা পারভীন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর পরপরই তাদের জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। গত ১৭ জুলাই ভোরে কিশোরগঞ্জের ভৈরব থেকে অস্ত্র ও বিস্ফোরকসহ রঞ্জন চৌধুরী ও তার সহযোগী প্রদীপ মারাককে গ্রেপ্তার করে র‌্যাব। এ ঘটনায় র‌্যাব-৯ ভৈরব ক্যাম্পের উপসহকারী পরিচালক (ডিএডি) মো. করিম উল্লাহ বাদি হয়ে ভৈরব থানায় অস্ত্র, বিস্ফোরক, অবৈধ অনুপ্রবেশ ও সন্ত্রাস দমন আইনে ৪টি মামলা করেন। পরদিন অস্ত্র মামলায় তিনদিন এবং ২১ জুলাই বিস্ফোরক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আরো সাতদিন হেফাজতে রাখে পুলিশ। ভৈরব থানার ওসি শাহজান কবীর সাংবাদিকদের জানান, দুই দফায় জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এখনই তা প্রকাশ করা যাবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০৬ ঘ.