ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষি সেচে অপচয় রোধ করে শতভাগ পানি সরবরাহ নিশ্চিতে জেলা প্রশাসকদের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন।
মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, "কৃষিকাজে সেচের জন্য প্রচলিত পদ্ধতিতে ৭৩ ভাগ পানি উত্তোলন করা হয় । অপচয় রোধ করে শতভাগ পানি সরবরাহ নিশ্চিত করা গেলে খাদ্য উৎপাদন বর্তমানের চেয়ে দেড়গুণ বৃদ্ধি পাবে।"
খাদ্য উৎপাদন বাড়ানোর লক্ষ্যেই সেচকাজে শতভাগ পানি সরবরাহ নিশ্চিত করার পদক্ষেপ নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান রমেশ চন্দ্র সেন।
মঙ্গলবার জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে তৃতীয় অধিবেশনে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত বিভিন্ন জেলার সেচ প্রকল্পের খাল ও জলাধার সংস্কার, নৌপথের নাব্যতা বৃদ্ধি, স্লুইচ গেট নির্মাণসহ প্রায় অর্ধশত বিষয় আলোচ্য সূচিতে ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/ডিডি/এইএ/২৩৩৪ ঘ.
bdnews24