২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে দরপত্র নিয়ে যুবলীগের সংঘর্ষ

সিরাজগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) একটি কাজের দরপত্র জমা দেওয়া নিয়ে যুবলীগের দুটি গ্র"পের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2010, 01:48 PM

Updated : 25 Aug 2022, 05:01 PM

সিরাজগঞ্জ, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) একটি কাজের দরপত্র জমা দেওয়া নিয়ে যুবলীগের দুটি গ্র"পের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ও দুই রাউন্ড কাঁদানে গ্যাস শেল নিক্ষেপ করে। মঙ্গলবার দুপুরে পাউবো কার্যালয়ে এই সংঘর্ষের সময় পুলিশ জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক মামুন চৌধুরী, ছাত্রলীগ কর্মী মীম ও মামুন হোসেনকে আটক করে। প্রত্যক্ষদর্শীরা ঠিকাদাররা জানান, পাউবো'র পরিচালন ও রক্ষণাবেক্ষণ বিভাগের ৬৫ লাখ টাকার ২৫ হাজার জিও-ব্যাগ সরবরাহ কাজের দরপত্র জমা দেওয়ার শেষদিন ছিলো মঙ্গলবার। দুপুর সাড়ে ১২টার দিকে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম আহম্মেদ ও যুবলীগ নেতা এমদাদ হোসেন দরপত্র জমা দিতে গেলে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিমের নেতৃত্বে একটি দল বাধা দেয়। এ সময় দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে নিজেদের লোকজন নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায় দুপক্ষ। সংঘর্ষের সময় ইট-পাটকেল, লাঠি ও ধারালো অস্ত্রের আঘাতে সেলিম আহম্মেদ, এমদাদ ও গোপালসহ অন্তত ২০ জন আহত হয়। এদের মধ্যে এমদাদকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস শেল নিক্ষেপ এবং লাঠিচার্জ করেছে বলে স্বীকার করেছেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মো. দেলোয়ার হোসেন সাঈদী। তিনি সাংবাদিকদের বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জেলা যুবলীগের সভাপতি মইসুদ্দিন খান চিনু বলেন, এটা কোনো রাজনৈতিক বিরোধ নয়। সেলিম ও এমদাদ ব্যক্তিগত স্বার্থে স্থানীয় আমলাপাড়ার ঠিকাদারদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পাউবো'র নির্বাহী প্রকৌশলী সুজয় চাকমা বলেন, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এতে দরপত্র দাখিল ও খোলার কাজে কোনো সমস্যা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৫ ঘ.