ঝিনাইদহ, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা থেকে পাট বোঝাই একটি ট্রাক ছিনতাই করেছে দুর্বৃৃত্তরা।
সোমবার রাতে কালীগঞ্জ সদরের একটি পেট্রোল পাম্পের সামনে থেকে ট্রাকটি ছিনতাই হয় বলে চালকের সহকারী জানিয়েছেন।
ট্রাকটি (বগুড়া-ট-১১-০৫০৭) বগুড়ার ধুনট থেকে খুলনার দৌলতপুর যাচ্ছিলো। এতে দুশ' ৫৫ মণ পাট ছিলো।
ট্রাকচালকের সহকারী শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কালীগঞ্জ সদরে ঢোকার আগে রাত ৩টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কে ১০-১২ জনের একদল ডাকাত খালি ট্রাক নিয়ে তাদের পথরোধ করে।
ডাকাতরা অস্ত্রের মুখে ট্রাকচালক টুকু মিয়া ও তাকে নামিয়ে খালি ট্রাকে ওঠায়। তাদের হাত ও চোখ বেঁধে ফেলা হয়। পরে তাদের মারধর করে ঝিনাইদহ শহরের কাছে কারাগার এলাকায় গাছের সঙ্গে বেঁধে রেখে যায়।
শহিদুল জানান, মঙ্গলবার ভোরে স্থানীয়রা তাদের উদ্ধার করে। আহত চালককে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ঝিনাইদহের পুলিশ সুপারিনটেনডেন্ট মো. রেজাউল করিম পাট বোঝায় ট্রাক ছিনতাইয়ের সত্যতা স্বীকার করেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রাকচালক হাসপাতালে চিকিৎসারত অবস্থায় কাউকে না জানিয়ে চলে যাওয়ায় রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ট্রাক ও ডাকাতদের ধরার চেষ্টা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০৬ ঘ.
bdnews24