ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের যুদ্ধাপরাধের তথ্য দিয়ে তদন্ত সংস্থাকে সহায়তা করতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
মঙ্গলবার তিনদিনব্যাপী ডিসি সম্মেলনের শেষ দিনে মতবিনিময়কালে আইনমন্ত্রী শফিক আহমেদ এ নির্দেশ দেন।
পরে মন্ত্রী সাংবাদিকদের জানান, যুদ্ধাপরাধের অভিযোগ এনে বিভিন্ন সময় জেলা পর্যায়ে দায়ের হওয়া মামলার নথিপত্রসহ এ সংক্রান্ত যাবতীয় তথ্য তদন্ত সংস্থাকে সরবরাহ করতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে, যা তদন্ত সংস্থার কাজে সহায়ক হবে।
তিনি বলেন, জেলা পর্যায়ে যুদ্ধাপরাধী হিসাবে যারা চিহ্নিত হবেন, শুধুমাত্র তাদের বিরুদ্ধেই মামলা দায়ের করা হবে ও অভিযোগপত্র দেওয়া হবে।
শফিক আহমেদ বলেন, "জেলা প্রশাসকরা ভেজালবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় আরো ক্ষমতা দেওয়ার প্রস্তাব করেছেন। তাদের এ প্রস্তাব যৌক্তিক মনে হয়েছে। এ ব্যাপারে তাদের আশ্বাস দেওয়া হয়েছে। প্রয়োজনে আইন সংশোধন করে তাদেরকে আরো ক্ষমতা দেওয়া হবে।"
জেলা প্রশাসকদের দেওয়া লিখিত প্রস্তাবে 'সরকারি কর্মকর্তা সুরক্ষা আইন' প্রণয়নের ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ডিসিরা চেয়েছেন, উচ্চ আদালতের কোনো আদেশ বা নির্দেশ থাকলে, তা যেন আইন কর্মকর্তারা দ্রুত তাদেরকে জানান।
এ ব্যাপারেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
সম্মেলন শুরুর আগে মন্ত্রিপরিষদ বিভাগে জেলা প্রশাসকরা লিখিতভাবে বেশ কিছু প্রস্তাব পেশ করেন।
এর মধ্যে রয়েছে- জেলা আদালতগুলোতে বিভিন্ন মেয়াদে সরকারি কৌঁসুলি হিসেবে পিপি, জিপি ও এপিপি নিয়োগের পরিবর্তে স্থায়ীভাবে আইন কর্মকর্তা নিয়োগের প্রস্তাব।
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব আবদুল আজিজসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা ডিসিদের সঙ্গে মতবিনিময় করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেবি/এইচএ/১৭৫২ ঘ.
bdnews24