২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবির ঠেকাতে ছাত্রলীগে পরিচয়পত্র বাধ্যতামূলক: সাজেদা

ছাত্রলীগে জামায়াত-শিবিরের অনুপ্রবেশ বন্ধে প্রত্যেক নেতা-কর্মীদের পরিচয়পত্র বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2010, 10:19 AM

Updated : 25 Aug 2022, 05:02 PM

ঢাকা জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগে জামায়াত-শিবিরের অনুপ্রবেশ বন্ধে প্রত্যেক নেতা-কর্মীদের পরিচয়পত্র বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। মঙ্গলবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, "ছাত্র শিবির ছাত্রলীগে অনুপ্রবেশ করে নানা অঘটন ঘটাচ্ছে। তারা লুটপাটসহ নানা অপকর্ম করে যাচ্ছে। ছাত্রলীগ নেতা-কর্মীদের অবশ্যই ছবিসহ পরিচয়পত্র ছবি থাকতে হবে।" জামায়াত-শিবিরের কর্মীরা যাতে দলে ঢুকতে না পারে সে জন্য ছাত্রলীগ কর্মীদের সতেচন হওয়ার নির্দেশ দেন সাজেদা চৌধুরী। ছাত্রলীগ নেতাকর্মীদের টেন্ডারবাজি ও চাঁদাবাজির সংস্কৃতি থেকে দূরে থাকার আহবান জানিয়ে তিনি আরো বলেন, "এ সংস্কৃতি থেকে বেড়িয়ে আসতে হবে, এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেতা-কর্মীদের নিজিদেরই নিতে হবে।" ছাত্রলীগের কর্মকাণ্ডে যেনো আওয়ামী লীগ বা সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন না হয় সেদিকে নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান সাজেদা চৌধুরী। ছাত্রলীগের নেতৃত্ব অবিবাহিতদের হাতে থাকবে উল্লেখ করে সাজেদা বলেন, কোনো সদস্য বা নেতার বসয় ২৯ বছরের বেশী হবে না। দীর্ঘ ৮ বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে সভাপতিত্ব করছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান রিপন। মহানগর (উত্তর) সভাপতি ইসহাক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক (দক্ষিণ) গোলাম সরোয়ার কবির। সংগঠনের সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, ছাত্রলীগের ঢাকা মহানগর (দক্ষিণ) সভাপতি মামুন রশিদ শুভ্র ও উত্তরের সাধারণ সম্পাদক তাসভিরুল হক আনু উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সম্মেলনে উত্তর শাখার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ইলিয়াসুজ্জামান, মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও ফরহাদ হোসেন এবং দক্ষিণে সংগঠনের সহ-সভাপতি শেখ আওলাদ, আরিফুল ইসলাম টুটুল ও গিয়াসউদ্দিন বাবু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/জিএনএ/১৬১৭ ঘ.