২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ৭০৭ জন পোশাক শ্রমিকের বিরুদ্ধে মামলা

সাভারে এক শ্রমিকের মৃত্যুর জের ধরে সংঘর্ষ, ভাংচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় একটি তৈরি পোশাক কারখানার ৭০৭ জন শ্রমিককে আসামি করে মামলা দায়ের হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2010, 09:45 AM

Updated : 25 Aug 2022, 05:02 PM

সাভার, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে এক শ্রমিকের মৃত্যুর জের ধরে সংঘর্ষ, ভাংচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় একটি তৈরি পোশাক কারখানার ৭০৭ জন শ্রমিককে আসামি করে মামলা দায়ের হয়েছে। এ মামলায় এক শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। সোমবার রাতে হেমায়েতপুর এলাকায় ভারটেক্স গ্র"পের পোশাক কারখানা ড্রেস ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) আব্দুর রাজ্জাক বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় সাত শ্রমিকের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৭০০ শ্রমিককে আসামি করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার উপপরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র ঘোষ জানান, মামলা দায়েরের পর রাতেই কারখানার সামনে থেকে এমদাদুল হক নামের এক শ্রমিককে গ্রেপ্তার করা হয়। এর আগে সংঘর্ষের সময় সোমবার ঘটনাস্থল থেকে সাত শ্রমিককে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- মামুন খান, হাসান, বাবুল, স্বপন, মুন্না, শাহরুখ ও শিপন। তাদেরকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। সোমবার দুপুরে সাভারের হেমায়েতপুর এলাকায় ভারটেক্স গ্র"পের ড্রেস ওয়ার্ল্ড লিমিটেডের কোয়ালিটি ইন্সপেক্টর হুমায়ুন কবীরের (২৫) মৃত্যু হয়। তার মৃত্যুর কারণ জানা যায়নি। কারখানা কর্তৃপক্ষ বলেছে, অসুস্থ অবস্থায় এই শ্রমিককে হাসাপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান, তার মৃত্যু হয়েছে। তবে শ্রমিকরা অভিযোগ করেন, অসুস্থ হওয়ার পর হুমায়ুন ছুটি চাইলেও কারখানা কর্তৃপক্ষ তাকে দিয়ে জোর করে কাজ করিয়েছে। আগেই ছুটি দিলে এভাবে তার মৃত্যু হতো না। সহকর্মীর মৃত্যুর খবরে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় ভাংচুর করে। এসময় দুই ঘন্টা ধরে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক শ্রমিক আহত হয়। এদিকে সোমবার রাতেই কারখানার মালিক ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওসমান গনি তালুকদার কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করেন। তিনি জানান, সংঘর্ষ ও ভাংচুরে কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তা মেরামতের জন্য সময় প্রয়োজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/কেএমএস/১৫৪৩ ঘ.