ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রবল দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু এবং বায়ুচাপের তারতম্যের আধিক্যের কারণে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে।
এর প্রভাবে বাংলাদেশের সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এতে উপকূলীয় এলাকার দ্বীপ ও চরাঞ্চল ২-৩ ফুটের বেশি উচ্চতার বায়ূতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দকে ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
সোমবার ঢাকার আবহাওয়া কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বায়ুচাপের তারতম্যের আধিক্যে এবং পুর্ণিমার প্রভাবে উপকূলীয় কক্সবাজার, চট্রগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, চাঁদপুর, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এলাকার ওপর দিয়ে ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমএসবি/২৩৫৯ ঘ.
bdnews24