২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার কাউন্সিলরদের সরাসরি ভোটে প্যানেল মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্যানেল মেয়র এবার ওয়ার্ড কাউন্সিলরদের সরাসরি ভোটে নির্বাচিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2010, 03:52 PM

Updated : 25 Aug 2022, 04:54 PM

চট্টগ্রাম, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্যানেল মেয়র এবার ওয়ার্ড কাউন্সিলরদের সরাসরি ভোটে নির্বাচিত হবে। সোমবার নগর সংস্থার মাসিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এই মেয়র প্যানেলে তিনজন সদস্য থাকেন। এর মধ্যে একজন নারী। মেয়রের অনুপস্থিতিতে এই প্যানেল থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে একজন মেয়রের দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার বিশেষ সাধারণ সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্যানেল মেয়র নির্বাচনে অংশ নেওয়ার জন্য ২৮ জন সাধারণ ও মহিলা কাউন্সিলর মনোনয়ন ফরম কিনেছে বলে নগর সংস্থার জনসংযোগ কর্মকর্তা জানান। একইদিন সিটি করপোরেশনের ২০১০-১১ অর্থবছরের বাজেটও ঘোষণা করা হবে। এম মনজুর আলম চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হওয়ার পর এই প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হলো। এতে নির্বাচিত ৫৫ ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলরের সবাই উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ১১ টা থেকে শুরু হয়ে বৈঠক চলে বিকাল চারটা পর্যন্ত। নগর সংস্থার জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিটি করপোরেশন অধ্যাদেশ অনুযায়ী নির্বাচিত মেয়র ও ওয়ার্ড কাউন্সিলরদের প্রথম সাধারণ সভায় মেয়র প্যানেল গঠন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। এ কারণেই প্রথম সভায় প্যানেল মেয়র নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় বলে তিনি জানান। চট্টগ্রাম সিটি করপোরেশনে গত তিনবছরে দুটি মেয়র প্যানেল গঠন করা হয়। এর মধ্যে একটি প্যানেল তত্ত্ববধায়ক সরকার গঠন করে। অপর প্যানেলটি গঠন করেন তৎকালীন মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। মেয়র মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম সাধারণ সভায় জলাবদ্ধতা নিরসনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আলোচনা হয়। জলাবদ্ধতা ও যানজট নিরসনের জন্য পৃথক স্ট্যান্ডিং কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্ট্যান্ডিং কমিটি গঠনের জন্য মেয়র মনজুর আলমকে সভা থেকে সর্বময় ক্ষমতা দেওয়া হয়। জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আরো জানান, সিটি করপোরেশনের সিনিয়র ওয়ার্ড কাউন্সিলর ও কর্মকর্তাদের নিয়ে এসব স্ট্যান্ডিং কমিটি গঠন ও পুর্নগঠন করা হবে। প্রতিটি কমিটিতে একজন কাউন্সিলর আহবায়ক ও একজন কর্মকর্তাকে সদস্য সচিব করা হবে। এছাড়া সাধারণ সভায় সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর সময়ে দরপত্র ছাড়া যেসব কাজ হয়েছে সেগুলোর দায়িত্ব নেওয়া হবে না মর্মে সিদ্ধান্ত হয় বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২১৪২ ঘ.