২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজারদর নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে ডিসিদের নির্দেশ দিলেন বাণিজ্যমন্ত্রী

আসন্ন রমজানসহ বছর জুড়ে বাজারদর নিয়ন্ত্রণ এবং মজুদদারি বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন বাণিজ্য মন্ত্রী ফারুক খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2010, 03:04 PM

Updated : 25 Aug 2022, 04:55 PM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আসন্ন রমজানসহ বছর জুড়ে বাজারদর নিয়ন্ত্রণ এবং মজুদদারি বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন বাণিজ্য মন্ত্রী ফারুক খান। অন্যদিকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস সীমান্ত পথে রোগাক্রান্ত মুরগির প্রবেশ রোধ এবং সরকার নির্ধারিত মূল্যে মুরগির বাচ্চা বিক্রি নিশ্চিত করতে ডিসিদের হস্তক্ষেপ করতে বলেছেন। সচিবালয়ে সোমবার ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের শেষ অধিবেশনে ডিসিদের সঙ্গে এই দুই মন্ত্রী মতবিনিময় করেন। এ সময় মন্ত্রিপরিষদ সচিব আবদুল আজিজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বাণিজ্য মন্ত্রী ফারুক খান সাংবাদিকদের বলেন, "রমজান মাসকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী মজুদদারি করে থাকে। ফলে রোজার মাসে নিত্যপণ্যের মূল্য ভোক্তাদের ধরা-ছোঁয়ার বাইরে চলে যায়। এক্ষেত্রে জেলা প্রশাসকদের হস্তক্ষেপ করা বলা হয়েছে।" তিনি বলেন, "বাজার দর নিয়ন্ত্রণ এবং মজুদদারি রোধ করা সম্ভব হলে সাধারণ মানুষের ভোগান্তি দূর করা সম্ভব হবে। এক্ষেত্রে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন কার্যকর ভূমিকা রাখতে পারে। এ আইনের আওতায় প্রতিটি জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের কার্যালয় স্থাপন হবে।" ফারুক খান বলেন, "ডিসিরা বিভিন্ন এলাকায় হিমাগার সংকট এবং টিসিবি'র ডিলারদের পণ্যের মূল্য সম্পর্কে ক্রেতাদের অজ্ঞতার বিষয়ে তুলে ধরেন। তারা এ ব্যাপারে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।" মন্ত্রী এসব সমস্যার সমাধানে সরকারের কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস এবং টিসিবি'র পণ্যের মূল্য সম্পর্কে বিভিন্ন এলাকায় জোর প্রচারণা চালানোর তাগিদ দেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাজারজাত করার সঠিক ব্যবস্থা না থাকায় গ্রামের খামারিরা তাদের উৎপাদিত দুধ, মাংস ও ডিমের মূল্য পাচ্ছে না। এজন্য তাদের উৎপাদিত পণ্য বিক্রির বাজার স্থাপনের ব্যবস্থা করতে হবে। গো-খাদ্য উৎপাদনে প্রকৃত খামারিদের মধ্যে খাস জমি বরাদ্দ দিতে হবে। তিনি বার্ড ফ্লু নিয়ন্ত্রণে সীমান্ত দিয়ে রোগাক্রান্ত মুরগি ও পশুর প্রবেশ বন্ধ করতেও ডিসিদের নির্দেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএএ/২১০০ঘ.