২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমানা পুনঃনির্ধারণ অধ্যাদেশের সংশোধন হচ্ছে

ঢাকাসহ বিভাগীয় শহরগুলোয় সংসদীয় আসন সংখ্যা যেন আর না বাড়ে সেজন্য সংসদ আসনের সীমানা পুনঃনির্ধারণ অধ্যাদেশ সংশোধন করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম. সাখাওয়াত হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2010, 03:03 PM

Updated : 25 Aug 2022, 04:55 PM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ঢাকাসহ বিভাগীয় শহরগুলোয় সংসদীয় আসন সংখ্যা যেন আর না বাড়ে সেজন্য সংসদ আসনের সীমানা পুনঃনির্ধারণ অধ্যাদেশ সংশোধন করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম. সাখাওয়াত হোসেন। সোমবার আগারগাঁওস্থ নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। সীমানা পুননির্ধারণ অধ্যাদেশ ১৯৭৬-এ বলা হয়েছে, সর্বশেষ আদমশুমারির রিপোর্টের ভিত্তিতে উপজেলা সদরকে প্রশাসনিক একক এবং যোগাযোগ ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে জনসংখ্যা মোটামুটি সমান রেখে জাতীয় সংসদের বিভিন্ন আসনের সীমানা পুননির্ধারন করতে হবে। ১৯৭৬ সালে প্রণীত সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ অধ্যাদেশটি সংশোধন করা হলেও আসন সংখ্যা ৩০০ থাকবে বলেই জানান এই নির্বাচন কমিশনার। সাখাওয়াত হোসেন জানান, দীর্ঘ দিন এ আইন সংশোধন না হওয়ায় ঢাকাসহ ৬টি বিভাগীয় শহরে সংসদীয় আসন বেড়ে যাচ্ছে। ফলে নষ্ট হচ্ছে মফস্বল আর শহরের সংসদীয় আসনের ভারসাম্য। নির্বাচন কমিশন মনে করে, জনসংখ্যার ভিত্তিতে সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ করতে গিয়ে গ্রামাঞ্চল ও মফস্বলের চেয়ে বিভাগীয় শহরে সংসদীয় আসন বেড়ে যাচ্ছে। সাখাওয়াত জানান, বিদ্যমান আইন অনুসরণ করে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় সংসদের সীমানা পুনঃনির্ধারণ করতে গিয়ে ঢাকা জেলার আসন সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ। অন্যদিকে, বরগুণার মতো জেলা শহর থেকে একটি আসন কমে গেছে। যা গ্রামীণ উন্নয়নের পরিপন্থী। "বিভাগীয় শহরগুলোতে সংসদীয় আসনের পাশাপাশি সিটি করপোরেশন রয়েছে। এ প্রতিষ্ঠানগুলোতে মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর রয়েছে। এসব জনপ্রতিনিধিদের পাশাপাশি সংসদীয় আসন বেড়ে যাওয়া যৌক্তিক নয়" মন্তব্য করেন তিনি। সাখাওয়াত বলেন, "রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি, জ্যেষ্ঠ্য সাংবাদিকদের সঙ্গে সংলাপের সময় অধ্যাদেশ সংশোধনের বিষয়ে আলোচনা হবে।" তবে সংসদীয় আসন সংখ্যা ৩০০ থেকে বাড়ানো হবে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "সংসদীয় আসন বাড়ানোর এখতিয়ার নির্বাচন কমিশনের নয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএএ/২০৪৯ঘ.