গাজীপুর, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সোমবার বাস চাপায় এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১০ বাস যাত্রী।
নিহত আব্দুর রউফের (৩৫) বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার কুদবান্দী গ্রামে। তিনি স্থানীয় স্ট্যান্ডার্ড সোয়েটার কারখানার লাইন চিফ পদে কাজ করতেন।
আহতদের কোনাবাড়ি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
এ ঘটনায় ওই কারখানার শ্রমিকরা সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৫/৭টি গাড়ি ভাংচুর করেছে। আধাঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আশরাফুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৭টার দিকে চন্দ্রা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তেলিরচালা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক বাইসাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে পাশের খাদে পড়ে যায়।
এতে সাইকেল আরোহী ঘটনাস্থলে মারা যান এবং বাসের ১০ যাত্রী আহত হন।
ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ ব্যাপারে কালিয়াকৈর থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮৪৯ ঘ.
bdnews24