হবিগঞ্জ, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের মাধবপুর উপজেলায় শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে সোমবার দু'পক্ষের মধ্যে তিন ঘন্টাব্যাপী সংঘর্ষে কমপক্ষে ৮০ জন আহত হয়েছে।
আহতদের পরিচয় জানা যায়নি। তাদেরকে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, রোববার রাতে মাধবপুরের খড়কী গ্রামের ফরিদ মিয়া ও আদম খাঁর মধ্যে পাট ক্ষেতে শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে তর্ক হয়।
মাধবপুর থানার ওসি শেখ কবিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকাল নয়টায় এ বিষয়ে সমাধানের জন্য স্থানীয় চেয়ারম্যান আজিজুর রহমান এর সভাপতিত্বে এক সালিশ বৈঠক বসে। এক পর্যায়ে সালিশ বৈঠকে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।
প্রায় তিন ঘন্টাব্যাপী এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৮০ জন আহত হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৫২৬ ঘ.
bdnews24