২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জ পৌর বিএনপি কমিটি নিয়ে মামলা

নারায়ণগঞ্জ পৌর বিএনপির নবগঠিত কমিটিকে অবৈধ ও অগঠনতান্ত্রিক দাবি করে আদালতে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2010, 05:58 PM

Updated : 25 Aug 2022, 04:50 PM

নারায়ণগঞ্জ, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ পৌর বিএনপির নবগঠিত কমিটিকে অবৈধ ও অগঠনতান্ত্রিক দাবি করে আদালতে মামলা হয়েছে। রোববার জেলার সিনিয়র সহকারী জজ মেহেরুন্নেসার আদালতে মামলাটি দায়ের করেন শ্রমিক দল নেতা আবু আল ইউসুফ খান টিপু। কমিটি কেন অবৈধ ঘোষণা করা হবে না আগামী ২৯ আগস্টের মধ্যে বিবাদীদের প্রতি তার কারণ দর্শানোর নির্দেশ দেন আদালত। গত ২৫ মে এ কমিটি গঠিত হয় জেলা কমিটির ছয় সদস্য এই কমিটির অনুমোদন দেন বলে বাদীপক্ষের আইনজীবী আনিসুর রহমান মোল্লা জানান। মামলায় বিবাদীরা হলেন- জেলা বিএনপি সভাপতি তৈমুর আলম খন্দকার, সহ-সভাপতি মো. শাহ্ আলম, বদরুজ্জামান খসরু, আনোয়ার হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ বিশ্বাস, নবগঠিত পৌর কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক এটিএম কামাল। এছাড়া মোকাবেলা বিবাদী করা হয় জেলা প্রশাসককে। মামলার অভিযোগে বলা হয়, জেলা বিএনপি সভাপতি গঠনতন্ত্র অনুযায়ী নারায়ণগঞ্জ পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে সঠিকভাবে আহবায়ক কমিটি গঠন না করে অগণতান্ত্রিক ও অগঠনতান্ত্রিকভাবে প্রতিটি ওয়ার্ডে পৌর ওয়ার্ড নির্বাহী কমিটি সৃষ্টি করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২২ ঘ.