সিলেট, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট এমসি কলেজের ছাত্রলীগ কর্মী উদয়েন্দু সিংহ পলাশ হত্যা মামলার আসামি সংগঠনটির এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে দুজনকে গ্রেপ্তার করা হলো।
রোববার সকালে মৌলভীবাজারের বড়লেখা থেকে মো. মুফিজুর রহমান রাসেল নামের এই ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।
গত ১২ জুলাই দুপুরে সিলেট নগরীর শাপলাবাগ এলাকায় এমসি কলেজের গণিত বিভাগের তৃতীয়বর্ষের ছাত্র পলাশ খুন হন। ছাত্রলীগে অভ্যন্তরীণ কোন্দলে তিনি খুন হন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় তার বাবা বীরেশ্বর সিংহ বাদি হয়ে ১৪ জুলাই রাতে আট ছাত্রলীগ কর্মীকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে বড়লেখার নিজ বাড়ি থেকে রাসেলকে গ্রেপ্তার করা হয়। তিনি মামলার এজাহারভুক্ত আসামি।
এর আগে গত ১৬ জুলাই গ্রেপ্তার করা হয় আব্দুর রহিম রিপন নামের এক ছাত্রলীগ কর্মীকে।
ঘটনার দিন আইয়ুব আলী নামের একজনকে আটক করা হলেও অভিযোগের প্রমাণ না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে পুলিশ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২০৫৭ ঘ.
bdnews24