চট্টগ্রাম, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম নগরীতে গাড়িচোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দুপুর ১টার দিকে জামাল খান লিচু বাগানের সামনে একটি রিকশা চুরি করে নিয়ে যাওয়ার সময় লোকজন তাদের আটক করে বলে পুলিশ জানিয়েছে।
আটক তিনজনকে স্থানীয় মারধর এবং তাদের ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা ভাংচুর করে।
পরে গাড়িটি পুলিশ জব্দ করে এবং আটককৃত তিনজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
এরা হলেন- জামাল (৩৫), আব্দুস শুক্কুর (৩০) ও রহিম (২৮)। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জামাল খান লিচুবাগানের সামনে এক রিকশাযাত্রী চালককে পত্রিকা কিনে আনতে পাঠায়।
চালক পত্রিকা কিনতে গেলে যাত্রীবেশী চোরচক্রের ওই সদস্য তার সহযোগীদের নিয়ে রিকশাটি অটোরিকশার পিছনে বেঁধে পালানোর চেষ্টা করে।
ঘটনাটি দেখে রিকশাচালক চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে তিনজনকে ধরে ফেলে।
কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুহুল আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের সদস্য। তারা নগরীর বিভিন্ন এলাকায় রিকশা ও অন্যান্য গাড়ি চুরির সঙ্গে জড়িত।
তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২০৪৭ ঘ.
bdnews24