ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি কার্যপ্রণালী বিধি মেনে করা হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
রোববার বিকালে মুক্তাঙ্গনে পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশে তিনি এ অভিযোগ করেন।
দেলোয়ার বলেন, "একতরফাভাবে বিশেষ কমিটি করা হয়েছে। কার্যপ্রণালী বিধিতে বিশেষ কমিটি গঠনে চেয়ারপারসন পদের কোনো বিধান (প্রভিশন) নেই। সংবিধান সংশোধনের জন্য যে বিশেষ কমিটি করা হয়েছে তা ষড়যন্ত্রমূলক। এতে সরকারের দুরভিসন্ধি রয়েছে।''
সংসদে গত বুধবার সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে চেয়ারপারসন ও সুরঞ্জিত সেনগুপ্তকে কো-চেয়ারম্যান করে ১৫ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়।
বিশেষ কমিটি গঠনের কার্যপরিধি নির্ধারণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, "সংবিধানের কী পরিবর্তন করবেন, তা বলছেন না। এখানে মনে হচ্ছে-দুরভিসন্ধি রয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে তারা (আওয়ামী লীগ) আবার ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে।''
পল্টন ময়দানে প্রতীক গণঅনশন কর্মসূচি পালনের অনুমতি না দেওয়ার প্রতিবাদে মুক্তাঙ্গনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বিএনপি।
পূর্ব ঘোষণা অনুযায়ী বোববার সকাল ১১টা থেকে বিকালে ৫টা পর্যন্ত পল্টন ময়দানে বিএনপির প্রতীক গণ অনশন কর্মসূচি পালনের কথা ছিল। জাতীয় ক্রীড়া পরিষদ ওই মাঠটি তাদের বরাদ্দ দেয়নি।
মুক্তাঙ্গনে একটি ট্রাকের ওপর বসে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মহানগর বিএনপিসহ দলের সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে এই সমাবেশে অংশ নেয়। সমাবেশ উপলক্ষে জিরো পয়েন্ট থেকে তোপখানা রোডের মোড় পর্যন্ত বিপুল সংখ্যক পুলিশও মোতায়েন করা হয়।
সরকারের 'দমনপীড়ন' নীতির সমালোচনা করে দেলোয়ার বলেন, "এভাবে নির্যাতন চালিয়ে ক্ষমতায় থাকা যাবে না। এ সব কর্মকাণ্ড বন্ধ করুন। গণতন্ত্রের পথে আসুন। বিরোধী দলকে সংসদের ভেতরে ও বাইরে কাজ করতে দিন।"
দলের বন্দি নেতা-কর্মীদের মুক্তি দাবি করে তিনি বলেন, "হরতালের সময় গ্রেপ্তার করা আমাদের নেতাদের মুক্তি দিন, নইলে কর্মসূচি দেব। যেখানে বাধা আসবে, সেখান থেকেই কর্মসূচি শুরু হবে।"
দলের সহসভাপতি শাহ মোয়াজ্জেমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, রফিকুল ইসলাম মিয়া, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, উপদেষ্টা কাউন্সিলের সদস্য শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক নুরে আরা সাফা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবউন নবী খান সোহেল, ছাত্রদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ডিডি/এইচএ/১৯৪০ ঘ.
bdnews24