ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষক নিয়োগে ইউনিয়ন কোটা চালু এবং জেলা প্রশাসকদের (ডিসি) বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির পদ দেওয়ার প্রস্তাব নাকচ করে দিয়েছেন শিক্ষা মন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।
তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক সংকট নিরসনে অচিরেই নতুন পদ সৃষ্টিসহ নতুন শিক্ষক নিয়োগের আশ্বাস দেন তিনি।
রোববার বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ডিসি সম্মেলনের প্রথম অধিবেশন শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
নাহিদ বলেন, "সম্মেলনে জেলা প্রশাসকদের পক্ষ থেকে শিক্ষক সংকট, বিভিন্ন বিদ্যালয়ের স্থান পরিবর্তন এবং নতুন নতুন বিদ্যালয় স্থাপনসহ বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়।"
তিনি জানান, তাদের এসব সমস্যা সমাধানের আশ্বাস দেয়া হয়েছে।
শিক্ষক নিয়োগে ইউনিয়ন কোটা প্রচলন এবং ডিসিদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির পদ প্রসঙ্গে নাহিদ বলেন, "এ ধরনের দু'একটি প্রস্তাব এসেছে। কিন্তু এগুলো আপাতত সরকার বিবেচনা করছে না। তাই এ সব প্রস্তাব কার্যত নাকচই করা হয়েছে।"
ডিসিদের বক্তব্যের জবাবে নাহিদ জানান, দেশে বর্তমানে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট রয়েছে। কিন্তু আমাদের জনবল না থাকায় এ সংকট মেটানো সম্ভব হচ্ছে না।
এ সংকট মোকাবেলায় নতুন জনবল কাঠামো তৈরী ও অর্থ বরাদ্দের জন্য অর্থ ও সংস্থাপন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। এ দুটি মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন,"বর্তমান সরকারের মূল লক্ষ্য আধুনিক ও যুগোপযোগী মানসম্মত শিক্ষা নিশ্চিত করে নতুন প্রজন্মকে গড়ে তোলা। এজন্য প্রয়োজনীয় করণীয় সম্পর্কে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।"
বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষার সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ মুহূর্তে শুধু পরীক্ষার জন্য কোনো ভবন নির্মাণ সম্ভব নয়। অর্থের অভাবে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের ভবনই করতে পারছি না।
মন্ত্রিপরিষদ সচিব আবদুল আজিজের সভাপতিত্বে ডিসি সম্মেলনের প্রথম অধিবেশনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এবং বিজ্ঞান, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমইউএস/এইচএ/১৮১৯ ঘ.
bdnews24