ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণঅনশন কর্মসূচির জন্য পল্টন ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ায় রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিএনপি।
বিকাল ৪টায় মুক্তাঙ্গনে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে।
বিএনপির সহসভাপতি শাহ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সমাবেশে মহিলা দলের সভানেত্রী নুরে আরা সাফা প্রথম বক্তব্য দেন।
মহানগর বিএনপিসহ দলের সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে এই সমাবেশে অংশ নিয়েছে।
সমাবেশ উপলক্ষে জিরো পয়েন্ট থেকে তোপখানা রোডের মোড় পর্যন্ত পুলিশ মোতায়েন রয়েছে।
মুক্তাঙ্গনের ভেতরে একটি ট্রাকের ওপর রয়েছেন নেতারা।
সমাবেশের ব্যানারে গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তি, পল্টন ময়দানের অনুমতি না দেওয়া, জনদুর্ভোগ লাঘব ও সরকারের দমননীতির প্রতিবাদের কথা রয়েছে।
এ কর্মসূচির বিষয়ে রোববার সকালে বিএনপির দপ্তর সম্পাদক রহুল কবির রিজভী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকারের স্বৈরচারী সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে এই কর্মসূচি পালন করা হবে। ঢাকা মহানগরীর মূল দলসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সমাবেশে উপস্থিত হতে বলা হয়েছে। সমাবেশে দলের মহাসচিবসহ সিনিয়র নেতারা বক্তব্য দেবেন।"
রিজভী আহমেদ অভিযোগ করেন, পুলিশ এর আগে গত ৭ জুলাই মানববন্ধন কর্মসূচিতে করতে দেয়নি।
গত ২০ জুলাই বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন পল্টন ময়দানে ২৫ জুলাই সকাল ১১টা থেকে বিকাল ৬টা পর্যন্ত প্রতীকী গণঅনশন কর্মসূচি ঘোষণা করেন।
এরপর বিএনপির পক্ষ থেকে ৮ জুলাই জাতীয় ক্রীড়া পরিষদের সভাপতি বরাবর পল্টন ময়দান ব্যবহারের অনুমতির জন্য আবেদন জমা দেওয়া হয়। ২২ জুলাই পর্যন্ত মাঠ দেওয়ার অনুমতি না দেওয়ায় ওই কর্মসূচি বাতিল করে এই বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দেওয়া হয়।
দ্রব্যমূল্য বৃদ্ধি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বন্দি নেতাদের মুক্তি, মামলা প্রত্যাহার এবং ওয়ার্ড কমিশনার চৌধুরী আলমের সন্ধানসহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ২৫ জুলাই পল্টন ময়দানে প্রতীকী গণঅনশনের ওই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলো বিএনপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এজে/১৬৩৬ ঘ.
bdnews24