ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিশেষজ্ঞদের মতামত নিয়ে এ বছরের মধ্যেই কয়লানীতি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
রোববার রাজধানীর কারওয়ান বাজারের পেট্রোসেন্টারে "প্রসপেক্টাস অফ কোল গ্যাসিফিকেশন" শীর্ষক এক সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্্েরাবাংলা) এ সেমিনারের আয়োজন করে।
জ্বালানি খাতের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে তৌফিক-ই-ইলাহী বলেন, "শুধু গ্যাস নির্ভর অর্থনীতি নয়, অন্যান্য বিকল্প জ্বালানির প্রতি নজর দিতে হবে।"
যুগোপযোগী একটি কয়লা নীতিমালা করা হবে জানিয়ে তিনি বলেন, "এ নীতি নিয়ে সংসদীয় কমিটিতেও আলোচনা হতে পারে।"
তিনি জানান, বর্তমানে উন্মুক্ত পদ্ধতির পরিবর্তে কোল বেড মিথেন (সিবিএম) এবং আণ্ডারগ্রাউণ্ড কোল গ্যাসিফিকেশন (ইউসিজি) পদ্ধতিতে কয়লা উত্তোলন করার ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে ।
এতে করে কয়লাকে গ্যাসে রূপান্তরের মাধ্যমে উত্তোলন করা হবে।
তবে বড় পুকুরিয়া কয়লা খনির উত্তর দিকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করা যেতে পারে বলে জানান তিনি।
ভূগর্ভস্থ পানির স্তরের জন্য কয়লা উত্তোলনকে বিরাট চ্যালেঞ্জ অভিহিত করে জ্বালানি উপদেষ্টা বলেন, বড়পুকুরিয়ার কয়লা খনি পানিতে ডুবে গিয়েছিল। সেসময় পানি সরিয়ে নিতে অনেক কষ্ট হয়েছিল। এক্ষেত্রে জয়পুরহাট জেলার জামালগঞ্জে সিবিএম এবং ইউসিজি পদ্ধতিতে কয়লা উত্তোলনে পরীক্ষামূলক প্রকল্প নেওয়া হবে।
এজন্য বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে বলে জানান তৌফিক-ই-ইলাহী।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড.বদরুল ইমাম।
তিনি বলেন, "অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে কয়লা উত্তোলন বেশ জটিল। ভূমির গঠন এবং খনি এলাকায় জনসংখ্যার আধিক্যই এর কারণ।"
এ জন্য ইউসিজি পদ্ধতিতে কয়লা উত্তোলন করলে এলাকায় পরিবেশের সমস্যা হবে না। সেক্ষেত্রে জয়পুরহাট জেলার জামালগঞ্জে এ পদ্ধতিতে কয়লা কয়লা উত্তোলন করা সম্ভব বলে জানান তিনি।
উজবেকিস্তান ও দক্ষিণ আফ্রিকায় এ পদ্ধতিতে বাণিজ্যিকভাবে কয়লা উত্তোলন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, "এ পদ্ধতিতে কয়লাকে মাটির নিচে পুড়িয়ে গ্যাস উৎপাদন করা হয়। জামালগঞ্জে কয়লা মাটির নিচের এতো গভীরে যে সেখানে পোড়ালে সংশ্লিষ্ট এলাকার তেমন সমস্যা হবে না।"
সেমিনারে আরো বক্তব্য রাখেন জ্বালানি ও খনিজ সম্পদ সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন, পেট্রোবাংলার চেয়ারম্যান মো. হোসেন মনসুর প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এসএএ/এইচএ/১৯২৬ ঘ.
bdnews24