২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নান ভূঁইয়ার শ্বাসনালীতে সফল অস্ত্রোপচার

ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার শ্বাসনালীতে কৃত্রিম যন্ত্রের সাহায্যে অক্সিজেন দিতে রোববার একটি টিউব স্থাপন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2010, 08:28 AM

Updated : 25 Aug 2022, 04:53 PM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার শ্বাসনালীতে কৃত্রিম যন্ত্রের সাহায্যে অক্সিজেন দিতে রোববার একটি টিউব স্থাপন করা হয়েছে। রাজধানীর স্কয়ার হাসপাতালে অধ্যাপক সানোয়ার হোসেনের নেতৃত্বে নয় সদস্যের একটি চিকিৎসকদল সফল এই অস্ত্রোপচার করেন। মান্নান ভূঁইয়ার ব্যক্তিগত চিকিৎসক বজলুল গণি ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানিয়েছেন। তিনি বলেন, "দুই সপ্তাহের বেশি সময় মান্নান ভূঁইয়াকে মুখের ভেতর দিয়ে নলের মাধ্যমে অক্সিজেন দেওয়া হচ্ছিলো। দীর্ঘ দিন এটা দেওয়া যায় না বলে বিকল্প ব্যবস্থা হিসেবে একটি স্থায়ী টিউব বসানো হয়েছে।" অস্ত্রোপচার শেষে মান্নান ভূঁইয়াকে অপারেশন থিয়েটার থেকে দুপুর দেড়টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিয়ে যাওয়া হয়। স্কয়ার হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ কামারুজ্জামান চৌধুরীর তত্ত্বাবধানে মান্নান ভূঁইয়ার চিকিৎসা চলছে। গত ৭ জুলাই মান্নান ভূঁইয়াকে সিঙ্গাপুর থেকে ঢাকায় এনে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ টো হ্যাং চেং ও সার্জন টি অ্যাগেস্টাইনের তত্ত্বাবধানে ছিলেন তিনি। চিকিৎসকরা জানান, ফুসফুসের ক্যান্সারের চিকিৎসার জন্য তার দেহে মোট আটটি কেমোথেরাপি দেওয়া হয়। এর মধ্যে সাতটি স্কয়ার হাসপাতালে দেওয়া হয়। চারদলীয় জোট সরকারের প্রভাবশালী মন্ত্রী মান্নান ভূঁইয়া টানা ১১ বছর বিএনপির মহাসচিব ছিলেন। ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার আগ মুহূর্তে তাকে দল থেকে বহিষ্কার করেন। এরপর ২০০৮ সালের সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এজে/১৪২২ ঘ.