ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় তিনদিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০১০ এর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠান হচ্ছে।
সকাল ১০টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আবদুল আজিজ সম্মেলনের শুভেচ্ছা বক্তব্য শুরু করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও বিভাগীয় কমিশনাররা উপস্থিত আছেন।
বাংলাদেশ প্রতিষ্ঠার পর মাঠ পর্যায়ের জনপ্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের ২২তম সম্মেলন এটি।
উদ্বোধনী অনুষ্ঠান প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠানের পর অন্যান্য কর্ম অধিবেশনগুলো সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে হবে।
এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আবদুল আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কার্যক্রমের ওপর জেলা প্রশাসকদের ভূমিকা নিয়ে আলোচনা হবে। স্থানীয় সরকার, কৃষি, স্বরাষ্ট্র, শিক্ষা, ভূমি, প্রাথমিক ও গণশিক্ষা, স্বাস্থ্য ও আইনসহ ৩১টি মন্ত্রণালয় ও বিভাগের ওপর আলোচনা হবে।
সম্মেলনের শেষ দিন বঙ্গভবনে সমাপনী বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএম/এজে/১০৩৮ ঘ.
bdnews24