ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -রাজশাহীর মতিহার উপজেলা থেকে এক শিবির কর্মীকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে এসেছে পুলিশ।
আব্দুল্লাহ ওমর নাসির ওরফে শাহাদত হোসেনকে শুক্রবার রাতে মতিহারের কাজলার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
শনিবার ঢাকা আনার পর তার স্বীকারোক্তি অনুযায়ী সায়েদাবাদ থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয় দারুল ইহসান ইউনিভার্সিটির ছাত্র শিবির কর্মী ফরিদকে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার এসএম রফিকুল ইসলাম জানান, শুক্রবার রাতে শাহাদতকে গ্রেপ্তার করে শনিবার ভোরে ঢাকায় আনা হয়।
পরে তাকে নিয়ে দক্ষিণ সায়েদাবাদের ৪৩/এ নম্বর বাড়ি থেকে একটি নাইন এমএম বোরের পিস্তল উদ্ধার করা হয়। ওই সময় ফরিদকে গ্রেপ্তার করা হয়।
ভবনটির দ্বিতীয় তলার ওই কক্ষটির একটি অংশ অফিস এবং অপর অংশ মেস হিসেবে ব্যবহার করা হতো বলে জানান গোয়েন্দা কর্মকর্তা রফিকুল ইসলাম ।
তিনি বলেন, অভিযানে বহু জিহাদী বই ও খাতা উদ্ধার করা হয়। এসব খাতায় যুদ্ধাপরাধী হিসেবে জামায়াত নেতারা গ্রেপ্তার হলে পরিস্থিতি মোকাবেলায় শিবিরের করণীয় সম্পর্কে নির্দেশনা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/ডিডি/এইচএ/২২২২ ঘ.
bdnews24