মৌলভীবাজার, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চা বাগানের জন্য বন্দোবস্ত নেওয়া কোনো জমি খালি রাখা যাবে না বলে জানিয়ে দিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।
শনিবার বিকালে শ্রীমঙ্গলে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটে (বিটিআরআই) চা বিজ্ঞানীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী দুই-তিন মাসের মধ্যে চা বাগানের লিজ নবায়নের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ইতোমধ্যে এ ব্যাপারে একটি নীতিমালা তৈরি করা হয়েছে।
সারাদেশে ১৬২টি চা বাগানের মধ্যে মৌলভীবাজারে রয়েছে ৯৩টি। সরকারি ব্যবস্থাপনায় এসব চা বাগান ইজারা দেওয়া হয়।
চা উৎপাদন বাড়ানোর জন্য তিনি বিজ্ঞানীদের গবেষণা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
আগামী দুই মাসের মধ্যে চা উৎপাদন বৃদ্ধিতে কর্ম পরিকল্পনা ঠিক করে শ্রীমঙ্গলে চা গবেষক, চা বাগান মালিক ও সংশ্লিষ্টদের নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, কর্মশালায় চা উৎপাদন ও গুণগত মান বৃদ্ধিসহ এই শিল্পের উন্নয়নে কর্ম পরিকল্পনা নির্ধারণ করা হবে।
বাংলাদেশ চা বোর্ডের সদর দপ্তর শ্রীমঙ্গলে স্থানান্তরের ব্যাপারে এই মূহূর্তে চিন্তাভাবনা না থাকলেও চা শিল্পের উন্নয়নে সেটা ভেবে দেখা হবে বলেও জানান ফারুক খান।
পরে তিনি চা গবেষণা ইনস্টিটিউটের গষেণাগারটি ঘুরে দেখেন ও বিজ্ঞানীদের সঙ্গে কথা বলেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক মুকুল জ্যোতি দত্ত, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাঈনুদ্দিন আহমদ, জীবন কৃষ্ণ সাহা প্রমুখ।
মৌলভীবাজারের বিভিন্ন চা বাগানের ব্যবস্থাপকরাও সভায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/২১১৪ ঘ.
bdnews24