বরগুনা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ইলিশের মৌসুম শুরু হওয়ার দুই মাস পর অবশেষে বঙ্গোপসাগরে প্রচুর ইলিশ ধরা পড়ছে।
তবে ইলিশ মিললেও বরফের তীব্র সংকটের কারণে পাইকারী বাজারে ইলিশের দাম পড়ে গেছে। এ কারণে ইলিশ ধরার প্রস্তুতি নিয়েও সাগরে যেতে পারছে না জেলেরা।
জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি থেকে ইলিশের ভরা মৌসুম শুরু হলেও প্রায় দুই মাস ধরে জেলেদের জালে খুব বেশি ইলিশ ধরা পড়ছিল না।
জেলেরা জানায়, ভরা মৌসুমে মাছ না পেয়ে হাজার হাজার জেলে পরিবার ধার-দেনা করে প্রায় নিঃস্ব হয়ে পড়েছে।
শনিবার দেশের বৃহত্তম পাইকারি মৎস্য বন্দর পাথরঘাটা বিএফডিসিতে সরেজমিনে গিয়ে দেখা গেছে ঝাঁকে ঝাঁকে ইলিশ আসছে। তবে মাছের দাম পড়ে যাওয়ায় জেলেদের মনে আনন্দ নেই।
বর্তমানে এ-বাজারে প্রতিমণ ইলিশ ১০ থেকে ১২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। কয়েকদিন আগেও এ মাছের দাম ছিল মণপ্রতি ১৬ থেকে ১৮হাজার টাকা।
দু'দিন ধরে পাথরঘাটা বিএফডিসি মৎস্য পাইকারি বাজারে প্রতিদিন প্রায় কোটি টাকার মাছ বিক্রি হচ্ছে উল্লেখ করে এফবি মা ট্রলারের মালিক জসীম জানান, পাথরঘাটার বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো আড়ৎদারদের টিটির অনুকূলে টাকা দিতে হিমশিম খাচ্ছে।
এফবি নূরজাহান ট্রলারের মালিক আলম কোম্পানি বলেন, "শেষ পর্যন্ত পর্যাপ্ত ইলিশ মাছ ধরা পড়ছে। কিন্তু সমস্যা দেখা দিয়েছে বরফ নিয়ে।"
এফবি তরিকুল ট্রলারের মালিক মাসুম কোম্পানি জানান, বিদ্যুতের অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে পাথরঘাটার ২২টি বরফকলের তিনটি বন্ধ হয়ে গেছে।বাকি যেগুলো সচল আছে সেগুলোতেও লোডশেডিংয়ের-কারণে চাহিদানুযায়ী বরফ উৎপাদন করা সম্ভব হচ্ছেনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএএ/১৬৫৮ঘ.
bdnews24