ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারখানার ছাদ থেকে পড়ে এক নারী শ্রমিকের মৃত্যুর খবরে মিরপুর ১ নম্বরে রাস্তা অবরোধ করে ভাংচুর করেছে বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটার পাশাপাশি কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে।
ঘটনাস্থল থেকে পুলিশ ঝর্ণা বেগম নামে কারখানার এক ফ্লোর ইনচার্জকে আটক করেছে।
নিহত বিউটি (১৮) মিরপুর-১ গোলচত্বর সংলগ্ন সুইডেন সুপার মার্কেটের উপরে অবস্থিত ভারটেক্স ফ্যাশন লিমিটেডে কাজ করতেন।
ওই কারখানার ঝর্ণা, আরিফ, মিঠু, জাহানারাসহ পাঁচ কর্মকর্তাকে আসামী করে বিউটির বাবা আবুল কালাম মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান মিরপুর থানার ওসি কাজী ওয়াজেদ আলী।
মামলার এজাহারে বিউটিকে নির্যাতন চালিয়ে হত্যা করে মৃতদেহ ছাদের উপর থেকে ফেলে দেওয়ার অভিযোগ আনা হয়।
পুলিশ জানায়, বিউটির মৃত্যুর খবরে সকালেই এই পোশাক কারখানা ও আশপাশের প্রতিষ্ঠানের শ্রমিকরা রাস্তায় নেমে আসে। এগারোটার দিকে শ্রমিকরা ইট পাটকেল মেরে ভারটেক্স গার্মেন্টসের জানালা ভেঙ্গে দেয়। জুম্মার নামাজের পর শ্রমিকরা পুনরায় রাস্তায় নেমে গাড়ি ভাংচুর শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শ্রমিকদের বাধা দেওয়ায় দুপক্ষের মধ্যে সংঘাত বাধে। এতে পুলিশসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকাল সাড়ে ৩টা পর্যন্ত সংঘর্ষ হয়। শ্রমিকরা পাঁচটি গাড়ি ভাংচুর করে।
তাদের সঙ্গে স্থানীয় জনতাও বিক্ষোভে যোগ দেয়। এ সময় স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শামসুল হকের নেতৃত্বে সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায় বলে শ্রমিকরা অভিযোগ করেন।
এ ঘটনায় মিরপুর ১ নম্বর এলাকায় অতিরিক্ত র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
মিরপুর থানার ওসি কাজী ওয়াজেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শ্রমিকরা রাস্তা আটকে গাড়ি ভাঙচুর শুরু করায় আমরা বাধা দেই। এক পর্যায়ে শ্রমিকরা পুলিশের ওপর হামলা চালায়। তখন আমরা লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করতে বাধ্য হই।"
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, শুক্রবার সকাল ১০টার দিকে কারখানাটির নয় তলার ছাদ থেকে বিউটি নিচে পড়ে যায়। এসময় ছাদে আরও তিনজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
তাদের দুইজন কারখানাটির কর্মচারী বলে দাবি করছেন প্রত্যক্ষদর্শীরা।
শ্রমিক বিক্ষোভের খবরে স্থানীয় সাংসদ আসলামুল হক ও আওয়ামী লীগ নেতারা ঘটনাস্থলে যান।
এ সময় তারা বিক্ষুব্ধ শ্রমিকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, বিউটির পরিবার যাতে ক্ষতিপূরণ পায় সেজন্য কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
ওসি ওয়াজেদ আলী আরো জানান, বিউটি কীভাবে মারা গেল তা খতিয়ে দেখা হবে।
ময়না তদন্তের জন্যে বিউটির মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/কিউএইচ/এজে/এইচএ/১৮২১ ঘ.
bdnews24