২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশ্নপত্র ফাঁস: আরো ৭ জনকে খুঁজছে পুলিশ

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ক্ষমতাসীন আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতা ও সংস্থাপন মন্ত্রণালয়ের এক কর্মকর্তাসহ আরো সাতজনের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2010, 01:52 PM

Updated : 25 Aug 2022, 04:25 PM

রংপুর, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ক্ষমতাসীন আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতা ও সংস্থাপন মন্ত্রণালয়ের এক কর্মকর্তাসহ আরো সাতজনের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। তারা যাতে দেশ ছেড়ে যেতে না পারেন সেজন্য সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের কাছে তাদের ছবিসহ তালিকা পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিকালে রংপুরের পুলিশ সুপারিনটেনডেন্ট সালেহ মো. তানভীর তার কার্যালয়ে সাংবাদিকদের এ সব তথ্য জানান। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আগের দিন লালমনিরহাট থেকে দুই শিক্ষকসহ তিনজনকে গ্রেপ্তারের বিষয়টিও জানান এসপি। এরা হলেন- লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার নওদাবাস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিসুর রহমান ও তার ভাই আমজাদ হোসেন, লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মতিয়ার রহমান সাজু। এ নিয়ে ১৭৪ জনকে গ্রেপ্তার করা হলো। গত ৮ জুলাই রংপুরের গঙ্গাচড়া এলাকার বেসরকারি পর্যটন কেন্দ্র ভিন্নজগৎ থেকে ফাঁস হওয়া প্রশ্নপত্রসহ ১৬৭ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে সংস্থাপন মন্ত্রণালয়ের এক কর্মচারীসহ আটজনকে প্রশ্নপত্র ফাঁস করা চক্রের সদস্য হিসেবে চিহ্নিত করা হয়। বাকিরা চাকরিপ্রার্থী। এ ঘটনায় রংপুরের বিভিন্ন ব্যাংকে সোয়া ২ কোটি টাকা জব্দ করে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে সরকারি ছাপাখানা বিজি প্রেসের কর্মচারীসহ আরো কয়েকজনকে। পুলিশ কর্মকর্তা সালেহ মো. তানভীর সাংবাদিকদের জানান, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে রংপুর জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক নেতা তারিক হাসান তুহিন, ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য মুরাদ হোসেন, সংস্থাপন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সুলতান আহম্মেদ, গঙ্গাচড়ার আতিক ও শহিদুলসহ আরো সাতজনের জড়িত থাকার প্রমাণ পেয়েছে পুলিশ। তাদের গ্রেপ্তারে গত তিনদিন ধরে পুলিশ অভিযান চালিয়েছে। তবে এদের কাউকে গ্রেপ্তার করা যায়নি। তাদের ধরার জন্য পুলিশের অভিযান চলছে বলে এসপি জানান। তিনি জানান, লালমনিরহাটে গ্রেপ্তার করা সাজুর রংপুর শহরের প্রাইম ব্যাংকের হিসাব থেকে জব্দ করা হয়েছে ৮ লাখ টাকা। তিনি রাজশাহীর দুই চাকরিপ্রার্থীকে প্রশ্নপত্র সরবরাহ করার বিনিময়ে চার লাখ টাকা করে ৮ লাখ টাকা নিয়েছিলেন বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। বুধবার লালমনিরাটের হাতিবান্ধা উপজেলা সদর থেকে স্কুলশিক্ষক আনিসুর রহমান ও তার ভাই আমজাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী আটক করা হয় লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মতিয়ার রহমান সাজুকে। সাজুর বাড়ি লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার গোরল গ্রামে। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি ২০০৭ সাল থেকে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি মূলত পরীক্ষার্থী সংগ্রহ ও তাদের সঙ্গে প্রশ্নপত্র সরবরাহের চুক্তি করে থাকেন। এবার তিনি ২২ জন চাকরিপ্রার্থীকে প্রশ্নপত্র সরবরাহ করার চুক্তি করেছিলেন। এ জন্য চক্রটির অন্যতম হোতা শফিউর রহমানকে ২১ লাখ টাকা দিয়েছিলেন। শফিউর রহমানকে গত ৮ জুলাই ভিন্নজগৎ থেকে গ্রেপ্তার করা হয়েছিলো। তার চারটি ব্যাংক হিসাব থেকে জব্দ করা হয় এক কোটি ৪৩ লাখ টাকা। এসব টাকা প্রশ্নপত্র সরবরাহের বিনিময়ে পাওয়া বলে পুলিশ জানিয়েছে। এসপি আরো জানান, শিক্ষক আনিসুর ও তার ভাই আমজাদ ২০০৭ সালে প্রথম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার সঙ্গে জড়িত হন। আমজাদ তার শ্যালিকাকে প্রশ্নপত্র সরবরাহের মাধ্যমে এই চক্রের সঙ্গে জড়িত হওয়ার কথা স্বীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৭ ঘ.