২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকার সাভারে সরকারি জমি দখল করে জেলা পরিষদের নামে গড়ে তোলা একটি বাজার ভেঙ্গে দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2010, 12:34 PM

Updated : 25 Aug 2022, 04:25 PM

সাভার, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার সাভারে সরকারি জমি দখল করে জেলা পরিষদের নামে গড়ে তোলা একটি বাজার ভেঙ্গে দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের পাশে হেমায়েতপুর বাস স্ট্যান্ডে গড়ে ওঠা বাজারটির ৩৫০টি দোকানঘর উচ্ছেদ করা হয়। এর মাধ্যমে ১৫ কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি উদ্ধার করা হলো বলে জানিয়েছেন সওজ কর্মকর্তারা। ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিনের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযানে অংশ নেন সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উপ-বিভাগীয় প্রকৌশলী সালমা আক্তার, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাব্বী মিয়া, র‌্যাব-৪ সাভার ক্যাম্পের কর্মকর্তা ক্যাপ্টেন মেহেদী ইমাম প্রমুখ। নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন সাংবাদিকদের বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হচ্ছে। পর্যায়ক্রমে অন্যান্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উপ-বিভাগীয় প্রকৌশলী সালমা আক্তার জানান, অবৈধভাবে সড়ক ও জনপথ বিভাগের জমি দখল করে নির্মাণ করা হয়েছিল এ বাজার। এখানে সাড়ে তিনশ' দোকানঘর ছিলো। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব সদস্যের উপস্থিতিতে অর্ধশতাধিক শ্রমিক গাইতি ও শাবল দিয়ে দোকান ভেঙ্গে ফেলে। পরে সেগুলো সড়ক ও জনপথ বিভাগের বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। ইউসুফ খান, বাবুল খান, রানাসহ বাজারের কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেন, উচ্ছেদ অভিযানের বিষয়টি তাদের আগে জানানো হয়নি। জানালে মালামাল অন্যত্র সরিয়ে নিতে পারতেন তারা। তারা আরো জানান, একেকজন ২০ থেকে ৫০ হাজার টাকা জামানত দিয়ে দোকান ভাড়া নিয়েছেন। জামানতের টাকা ফেরত না পেলে থানায় মামলা করার হুমকি দিয়েছেন ব্যবসায়ীরা। অভিযোগ নাকচ করে দিয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাব্বী মিয়া জানান, উচ্ছেদ অভিযানের বিষয়টি ১০-১২ দিন আগে চিঠি দিয়ে সবাইকে জানানো হয়েছে। হেমায়েতপুর কাঁচাবাজার বহুমুখী সমবায় সমিতি'র সদস্য শামসুর রহমানের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি কিছু বলতে রাজি হননি। বাজারের ব্যবসায়ী নাজিম উদ্দিন জানান, ত্রিশ হাজার টাকা দিয়ে তিনি দোকান বরাদ্দ নিয়েছিলেন। মাসে ভাড়া দিতেন তিন হাজার টাকা। তিনি দাবি করেন, উচ্ছেদের কারণে তার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। সাভার থানার ওসি মাহবুবুর রহমান জানান, যারা অগ্রিম টাকা নিয়ে দোকান বরাদ্দ দিয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবসায়ীরা মামলা করলে পুলিশ মামলা নেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩২ ঘ.