বগুড়া, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) বর্তমান সাংগঠনিক প্রধান ভাগ্নে শহীদ ওরফে আনোয়ার আলম খোকা ওরফে নাজমুলকে অস্ত্র মামলায় আরো তিনদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
এই মামলায় এর আগে তাকে দুই দফায় হেফাজতে রেখে আটদিন জিজ্ঞাসাবাদ করা হয়।
বৃহস্পতিবার ভাগ্নে শহীদকে বগুড়ার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করে আরো সাতদিন জিজ্ঞাসাবাদের অনুমতি চান মামলার তদন্ত কর্মকর্তা বগুড়া গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আব্দুর রশীদ সরকার।
শুনানি শেষে হাকিম মো. হাসানুজ্জামান তিনদিনের অনুমতি দেন।
পুলিশ কর্মকর্তা রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এর আগে জিজ্ঞাসাবাদে উল্লেখযোগ্য কোনো তথ্য না পাওয়ায় তাকে আবারো হেফাজতে নেওয়া প্রয়োজন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, ভাগ্নে শহীদকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় টিএফআই সেলে নেওয়া হতে পারে।
গত ১২ জুলাই সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের বিশেষ গোয়েন্দা শাখা ও বগুড়া পুলিশের একটি দল যৌথ অভিযান চালিয়ে বগুড়া-রংপুর বাইপাস সড়কের ছিলিমপুর এলাকায় যাত্রীবাহী বাস থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ শহীদকে গ্রেপ্তার করে।
তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা করে পুলিশ।
এই মামলায় গত ১৪ জুলাই প্রথম দফায় ভাগ্নে শহীদকে পাঁচদিন জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়।
১৬ জুলাই তাকে বগুড়া থেকে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে ১৮ জুলাই আবারো ভাগ্নে শহীদকে বগুড়ায় নিয়ে আসা হয়।
এরপর ১৯ জুলাই একই মামলায় দ্বিতীয় দফায় তিনদিনের জন্য তাকে হেফাজতে নেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৭৫৩ ঘ.
bdnews24