সাভার, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উল্টো রথ টানার মধ্য দিয়ে ধামরাইয়ের শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা উৎসব শেষ হয়েছে।
বুধবার বিকালে ধামরাইয়ের যাত্রাবাড়ির অস্থায়ী মঞ্চে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে রথযাত্রার সমাপ্তি ঘোষণা করেন স্থানীয় সংসদ সদস্য বেনজির আহম্মেদ।
এ উল্টো রথ টেনে যশোমাধবকে শ্বশুরালয় থেকে বাবার বাড়িতে নিয়ে যাওয়া হয়।
এসময় হাজার হাজার ভক্ত চিনি, কলা, বাতাসা ছিটিয়ে তাদের নিবেদন অর্পন করেন।
তবে মেলা চলবে এ মাসব্যাপী। প্রতিদিন দূর-দূরান্ত থেকে হাজার হাজার দর্শনার্থী শিশু-কিশোর, নারী-পুরুষ আসছে রথের মেলায়।
সকাল ১০টায় যাত্রাবাড়ীতে রথের সামনে ঢাক ঢোল, বাদ্য, কাঁসার ঘণ্টা ও মহিলাদের উলু ধ্বনিতে মাধব মন্দিরের প্রধান পুরোহিত উত্তম গাঙ্গুলি ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করেন।
বিকাল ৪টায় মাধবের কথিত শশুরালয় যাত্রাবাড়ী মন্দির থেকে মাধব বিগ্রহসহ অন্য বিগ্রহগুলো নিয়ে রথের ওপর স্থাপন করা হয়।
বিকাল ৫টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে শ্রী শ্রী যশোমাধবকে শ্বশুরালয় যাত্রাবাড়ী মন্দির থেকে ভক্তরা টেনে নিয়ে যায় পূর্বের স্থান ধামরাই পৌর এলাকার কায়েতপাড়া রথখোলায়। এ সময় হাজার হাজার নারী-পুরুষ চিনি-কলা ছিটিয়ে যশোমাধবের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করেন।
গত ১৩ জুলাই বিকালে রথযাত্রা উৎসব ও মাসব্যাপী মেলার উদ্বোধন করা হয়।
ধামরাই থানার ওসি এসএম আলমগীর হোসেন জানান, এ রথ উৎসবকে কেন্দ্র করে শুরু থেকেই নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
এবারের মেলায় দেশ খ্যাত অলিম্পিক সার্কাস দল, নাগরদোলা, নাচ, গান, এবং হরেক রকম সৌখিন জিনিসপত্র বিক্রি হচ্ছে। এছাড়া মেলায় বাঁশের বাঁশি, ছোট বড় কাঠের ঘোড়া, পুতুল, হস্ত শিল্প ও ধামারাইয়ের ঐতিহ্যবাহী তামা-কাঁসা শিল্পের তৈজসপত্রের স্টলও বসেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২৭ ঘ.
bdnews24