সুনামগঞ্জ, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাওনা টাকা নিয়ে সুনামগঞ্জের দিরাই উপজেলায় দুই গ্রামবাসীর সংঘর্ষে মহিলাসহ অন্তত ৫০ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে চারজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং ৩৪ জনকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাজনগর ইউনিয়নের চকবাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
দিরাই থানার উপ-পরিদর্শক (এসআই) দীপঙ্কর সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভরারগাঁও গ্রামের রুবেল পাশের উমেদনগর গ্রামের এমরানের কাছে পাওনা টাকা চাইতে গেলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।
এর জের ধরে স্থানীয় চকবাজারে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে দুই গ্রামের লোকজন প্রতিপক্ষের ওপর হামলা চালায়। প্রায় এক ঘণ্টা সংঘর্ষ চলে।
আহতদের মধ্যে কয়েক জনের নাম জানা গেছে। এরা হলেন- নুরুন্নেছা (৫০), তোফায়েল (১৪), শহীদ (৪৪), হান্নান (৬০), হেলাল (১৮), চান মিয়া (৪৫), তওসিফ (৩৮), আল আমিন (২৩), জুয়েল (১০) ও গোলাম শহীদ (৫০)।
এসআই দীপঙ্কর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আবার সংঘর্ষের আশংকায় এলাকায় পুলিশ মোতয়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩২২ ঘ.
bdnews24