২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ রাইফেলস বিল ২০১০ পাস

বিডিআর বিদ্রোহের বিচার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বুধবার জাতীয় সংসদে 'বাংলাদেশ রাইফেলস (সংশোধন) বিল-২০১০' পাস হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2010, 05:25 PM

Updated : 25 Aug 2022, 04:16 PM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের বিচার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বুধবার জাতীয় সংসদে 'বাংলাদেশ রাইফেলস (সংশোধন) বিল-২০১০' পাস হয়েছে। এছাড়া ব্যাটালিয়ন আনসার বিল (সংশোধন) ২০১০ এবং কোর্ট ফিস (সংশোধন) বিল ২০১০ পাস হয় একই দিনের অধিবেশনে। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও আইনমন্ত্রী শফিক আহমেদ এই তিনটি বিল উত্থাপন করলে কণ্ঠভোটে পাস হয়। বাংলাদেশ রাইফেলস (সংশোধন) বিল ২০১০ উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। সংশোধিত আইনে বাংলাদেশ রাইফেলস এর পরিচালক পদমর্যাদার যে কোনো ব্যক্তিকে বিশেষ আদালতের প্রধান করার বিধান করা হয়েছে। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি বিডিআর বিদ্রোহে অভিযুক্তর সংখ্যা বেশি হওয়ায় ও আটককৃত বিডিআর সদস্যদের বিচার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিদ্রোহের বিচার ত্বরান্বিত করা অপরিহার্য হয়ে পড়েছে। এ কারণে বিদ্যমান আইনের সংশোধন করার প্রয়োজনীয়তা দেখা দেয়। পিলখানাসহ দেশের বিভিন্ন বিডিআর স্থাপনায় ১৬টি মামলা বিচারের জন্য নেওয়া হয়। এরমধ্যে পাঁচটি মামলা নিষ্পত্তি করা হয়েছে। বর্ণিত আইনের ধারা ২(১) (জে) অনুযায়ী মহাপরিচালককে প্রত্যেক আদালতে বিচারকের দায়িত্ব পালন করতে হচ্ছে। অবশিষ্ট ১১টি মামলা ছাড়াও আরো ৪৭টি মামলা তাকে নিষ্পত্তি করতে হবে। এতে দীর্ঘসূত্রতার সৃষ্টি হবে। তাই বিচার দ্রুত নিষ্পত্তি করতে পাস করা বিলে মহাপরিচালক যেকোনো বিশেষ আদালতে তার পরিবর্তে মামলা পরিচালনার জন্য পরিচালকের নিচে নয় এমন দুই সুপিরিয়র অফিসারকে দায়িত্ব দিতে পারবেন। কোর্ট ফিস (সংশোধন) বিল ২০১০ উত্থাপন করেন আইনমন্ত্রী শফিক আহমেদ। বিভিন্ন প্রকার দেওয়ানী ও ফৌজদারী মামলা, আপিল ও দরখাস্তের কোর্ট ফি'র হার নির্ধারণ করে ১৮৭০ সালে কোর্ট ফিস অ্যাক্ট, ১৮৭০ প্রণয়ন করা হয়। ২০০২ সালে ওই আইনের অধীনে প্রযোজ্য বিভিন্ন প্রকার কোর্ট ফি'র হার সর্বশেষ বৃদ্ধি করা হয়। বর্তমান সরকারের নেওয়া আদালত সংস্কার কর্মসূচি বাস্তবায়ন ও রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রকার কোর্ট ফি'র হার বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়। ব্যাটালিয়ন আনসার (সংশোধন) বিল ২০১০ উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। সংশোধিত আইনে বলা হয়েছে, ব্যাটলিয়ন আনসারের চাকরির বয়স নয় বছর হলে তাদের চাকরি স্থায়ী হবে। ব্যাটালিয়ন আনসার আইন, ১৯৯৫ এর মাধ্যমে আনসার ব্যাটালিয়ন গঠিত ও নিয়ন্ত্রিত হয়। ব্যাটালিয়ন আনসারদের চাকরি স্থায়ীকরণের লক্ষ্যে ২০০০ সালে ব্যাটালিয়ন আনসার আইনে একটি ধারা সংযোজন করে আনসার সদস্যদের মধ্যে যাদের চাকরির মেয়াদ ১৫ বছর বা তার বেশি, তাদের স্থায়ীভাবে স্ব পদে নিয়োগের বিধান রাখা হয়। পরবর্তীতে ২০০৫ সালে ১৫ বছরের স্থলে ১২ বছর করা হয়। তিনটি বিলের ব্যাপারেই বিরোধী সদস্যরা কিছু সংশোধনী প্রস্তাব দিলেও কোর্ট ফিস (সংশোধন) বিল ২০১০ এর ওপর একটি সংশোধনী গ্রহণ করা হয়। স্বতন্ত্র সদস্য ফজলুল আজিম তিনটি বিলের ব্যাপারে সংশোধনী প্রস্তাব আনলেও তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/ডিডি/২৩১৩ ঘ.